চট্টগ্রাম নগরে দিনে একটি অগ্নিকাণ্ড!
সকাল সোয়া ছয়টা। রোববার। কনকনে শীত। চট্টগ্রাম নগরের পতেঙ্গার খালপাড় এলাকার বাসিন্দা মো. জাহিদের পরিবারের সদস্যরা তখনো ঘুমিয়ে। আচমকা আগুন, আগুন চিৎকারে সবাই জেগে ওঠেন। সবাই ঘরের বাইরে বের হয়ে আসতে পারলেও পুড়ে ছাই হয়ে যায় তাঁদের সর্বস্ব।
জাহিদের মতো কেউ না কেউ প্রতিদিন অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারাচ্ছেন। চট্টগ্রাম নগরে দিনে কমপক্ষে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত বছর নগরে ৫১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়েছে সাড়ে আট কোটি টাকার বেশি সম্পদ। উদ্বিগ্ন হওয়ার মতো তথ্য হচ্ছে, প্রতিবছরই নগরে অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে। ২০১৪ সালে আগুন লাগার ঘটনা ৫০৩টি। ২০১৩ সালে এমন ঘটনা ছিল ৪৪০টি।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে সংঘটিত ৫১২টি অগ্নিকাণ্ডের ২৩২টির কারণ বৈদ্যুতিক গোলযোগ। ৭৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চুলার আগুন থেকে, ৬২টি অগ্নিকাণ্ডের জন্য দায়ী জ্বলন্ত সিগারেটের টুকরা, কুপিবাতি বা মোমবাতি থেকে আগুন লাগার ঘটনা ১৭টি। এ ছাড়া যন্ত্রাংশের ঘর্ষণ, ছোটদের আগুন নিয়ে খেলা করা, রাসায়নিক প্রতিক্রিয়াসহ আরও কিছু কারণ অগ্নিকাণ্ডের জন্য দায়ী। গত বছর ঘটে যাওয়া ৫০টি অগ্নিকাণ্ডের কোনো কারণ খুঁজে পায়নি ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে শুধু যে সম্পদ পুড়ছে তা নয়, প্রাণহানির ঘটনাও ঘটছে। গত বছর আগুনে পুড়ে ছয় ব্যক্তি নিহত হওয়ার তথ্য রয়েছে ফায়ার সার্ভিসের কাছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে আরও বেশি হবে বলে খোদ প্রতিষ্ঠানটির কর্মকর্তারাই বলছেন। ২০১৪ সালে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৯ জন। ২০১৩ সালে মারা যান ৩ জন।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে যাঁরা হাসপাতালে মারা যান, তাঁদের তথ্য ফায়ার সার্ভিসের রেকর্ডে রাখা হয় না।
গত বছরের ২১ আগস্ট নগরের খুলশীতে নিজেদের শোবার ঘরে আগুন লেগে গুরুতর আহত হন চিকিৎসক দম্পতি। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। গত বছরের জুলাই মাসে চুলার গ্যাস বিম্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চার পোশাকশ্রমিক মারা যান।
গতকালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. জাহিদ প্রথম আলোকে বলেন, ইপিজেডের একটি কারখানায় সাড়ে সাত হাজার টাকা বেতনে চাকরি করেন তিনি। আগুনে ঘরের এক টুকরো কাপড়ও বাঁচাতে পারেননি। বাবা-মা, ভাইসহ জাহিদের পরিবারের সদস্য ১২ জন। টিনের তৈরি দুটি ঘরে বসবাস করতেন তাঁরা। আগুনে দুটি ঘরসহ সব হারিয়েছে পরিবারটি। জাহিদ বলেন, ‘শুনেছি রান্নার চুলা থেকে আগুন লেগেছে। বৃদ্ধ মা-বাবা, ছোট শিশুদের নিয়ে কোথায় দাঁড়াব কিছুই বুঝতে পারছি না।’
গত বছরের ২৯ নভেম্বর নগরের পাঠানটুলী মগপুকুর পাড় এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ২৫টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত একটি মুদি দোকানের মালিক লিটন বড়ুয়া বলেন, অগ্নিকাণ্ডের প্রায় দুই মাস পরও এখনো দোকান চালু করতে পারেননি অনেক ব্যবসায়ী।
গত বছর কতটি বসতঘর, দোকান বা কারখানায় আগুন লেগেছে, তার সঠিক পরিসংখ্যান নেই ফায়ার সার্ভিস চট্টগ্রাম কার্যালয়ের কাছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, আগুন লেগে কাঁচা বা আধা পাকা বসতঘর ও দোকান বেশি পুড়ছে। অধিকাংশ ক্ষেত্রে বৈদ্যুতিক গোলযোগ থেকে এসব অগ্নিকাণ্ড ঘটছে। আবার অসচেতনতার কারণে রান্নার চুলা বা খোলা বাতি থেকেও আগুন লাগার ঘটনা ঘটছে।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে চট্টগ্রাম নগরে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ৮ কোটি ৬২ লাখ ২৭ হাজার টাকা, ২০১৪ সালে ক্ষতি হয়েছে ৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার টাকা, ২০১৩ সালে ছিল ১৪ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ফৌজিয়া গুলশানা রশিদ বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে দেখেছি, বস্তিগুলোতে আগুন লাগার পেছনে রান্নার চুলা এবং অবৈধ বিদ্যুৎ-সংযোগ প্রধানত দায়ী। এসব বস্তির আশপাশে পানির উৎসও তেমন থাকে না। রাস্তাগুলোও খুব সরু থাকে। ফলে আগুন লাগলে অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়িও ঠিকমতো ভেতরে ঢুকতে পারে না।’
অবশ্য বস্তিগুলোতে এখন অবৈধ সংযোগের সংখ্যা কম বলে দাবি করেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন। তিনি প্রথম আলোকে বলেন, অবৈধ সংযোগ নয়, নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের জন্য শর্টসার্কিট (বৈদ্যুতিক গোলযোগ) বেশি ঘটছে। বসতবাড়ির ভেতরে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের পুরো দায়দায়িত্ব গ্রাহকের নিজের। অনেক ক্ষেত্রে দেখা যায়, নিম্ন আয়ের লোকজনের জন্য তৈরি করা ঘরবাড়ি বা দোকানঘরে মালিকেরা নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করেন।