চট্টগ্রাম নগরে নতুন বাসভাড়া কার্যকর
চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় থেকে মিনিবাসে করে প্রতিদিন আন্দরকিল্লায় আসেন স্কুলশিক্ষিকা লাকি চৌধুরী। অন্যান্য দিন তাঁর কাছ থেকে তিন টাকা ভাড়া নেওয়া হতো। কিন্তু গতকাল সোমবার পাঁচ টাকা ভাড়া নেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি সড়ক পরিবহন মালিক ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বাসে ওঠানামার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা। গতকাল থেকে নগরে চলাচলকারী বাস-মিনিবাসের জন্য বর্ধিত নতুন ভাড়া কার্যকর হয়েছে। কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।
১ অক্টোবর থেকে চট্টগ্রাম নগরে বাস-মিনিবাসের বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ঝামেলার আশঙ্কায় ওই দিন তা কার্যকর হয়নি।
এদিকে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি উপলক্ষে নগরের নিউমার্কেট মোড়ে চট্টগ্রাম সিটি সড়ক পরিবহনমালিক ফেডারেশন ও চট্টগ্রাম সড়ক পরিবহন ফেডারেশন প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করে। এতে নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) তাকিয়া তাহমিন বলেন, প্রশাসন গণপরিবহনে নৈরাজ্য ঠেকাতে বদ্ধপরিকর। পরিবহনমালিক-শ্রমিকদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকার-নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো অর্থ যাত্রীদের কাছ থেকে আদায় করা যাবে না। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।
গতকাল মালিক ফেডারেশন যাত্রীদের কাছে প্রচারপত্র বিলি করে। চট্টগ্রাম সিটি সড়ক পরিবহন মালিক ফেডারেশনের এই প্রচারপত্রে বর্ধিত ভাড়া আদায়ে যাত্রীদের সহযোগিতা চাওয়া হয়।
নগর পুলিশের উপকমিশনার (ডিসি-ট্রাফিক) মাসুদ উল হাসান প্রথম আলোকে বলেন, ‘সোমবার থেকে বাস-মিনিবাসে নতুন করে নির্ধারিত ভাড়া কার্যকর হয়েছে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে মালিক ফেডারেশন প্রচারপত্র বিলি করেছে। বাড়তি ভাড়া যাতে কেউ আদায় করতে না পারে এবং বিশৃঙ্খলা এড়াতে পুলিশও ওই প্রচারণায় যোগ দেয়।