চট্টগ্রাম নগরে নম্বরবিহীন সিএনজি অটোরিকশা!

চট্টগ্রাম নগরে পুলিশকে ম্যানেজ করে বিভিন্ন এলাকায় কয়েক হাজার নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের যানবাহনের কারণে যানজট বাড়ছে। কারও কারও মতে, বিভিন্ন ধরনের ছিনতাই এবং অবৈধ মালামাল পরিবহনের কাজে এসব যানবাহন ব্যবহার করা হয়।
এসব অটোরিকশার পেছনে নম্বরপ্লেটের জায়গায় লেখা রয়েছে: চট্টমেট্রো-থ-১২-এএফআর (অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন), চট্টমেট্রো-দ-১১-এএফআর। এ ধরনের অবৈধ যানবাহনের সংখ্যা চার হাজার হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
পুলিশকে ম্যানেজ করে রাস্তায় চলাচলের বিষয়টি অস্বীকার করেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘কিছু সিএনজি অটোরিকশা উচ্চ আদালতের রিট নিয়ে চলছে। বাকিগুলো সবই অবৈধ। এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এভাবে চলার কোনো সুযোগ নেই।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মোটরযান অধ্যাদেশ অনুযায়ী ‘এএফআর’ লিখে কোনো যানবাহন রাস্তায় চালানোর বৈধতা নেই। শুধু গাড়ির আমদানিকারককে বিআরটিএ থেকে গ্যারেজ সার্টিফিকেট দেওয়া হয় সীমিত সময়ের জন্য। এই সার্টিফিকেট দিয়ে তাঁরা বন্দর থেকে গ্যারেজে এবং সেখান থেকে কোনো প্রদর্শনীতে যাওয়ার ক্ষেত্রে রাস্তায় চলাচলের সুযোগ পান। প্রয়োজনে তারা এটি পুনর্নবায়ন করাতে পারেন।’
খোঁজ নিয়ে জানা যায়, বিআরটিএর পক্ষ থেকে নতুন সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন বন্ধ থাকায় কয়েকটি সমিতি এসব গাড়ি বেচাকেনা এবং অবৈধ চলাচলের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তারা লাইসেন্স করে দেওয়ার দায়িত্ব নেয়। আবার রাস্তায় চলাচলের খরচ বাবদ চার লাখ ৩০ হাজার টাকা দামের একটি গাড়ির জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা এবং তিন লাখ ৮০ হাজার টাকা দামের গাড়ির জন্য দুই হাজার টাকা করে আদায় করে মালিকের কাছ থেকে।
নগরের আগ্রাবাদ কমার্স কলেজ ছাত্রীনিবাসের কাছে খাজা এন্টারপ্রাইজ নামের একটি গ্যারেজে গিয়ে দেখা যায়, নতুন কিছু সিএনজি অটোরিকশা অপেক্ষমাণ রয়েছে। আবার এখান থেকে বেরিয়ে আসছে কয়েকটি নম্বরবিহীন অটোরিকশা।
চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন উচ্চ আদালতের রিট নিয়ে রাস্তায় গাড়ি নামিয়েছে বলে দাবি করেছে। এসব রিকশার সামনের অংশে লাল কালিতে লেখা রয়েছে সমিতির নাম এবং একটি কোর্ড নম্বর। তারা সমিতির নাম ও ছবিসহ চালকদের আইডি কার্ড দিয়েছে। এটি দেখালে পুলিশ গাড়ি ছেড়ে দেয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ বলেন, চট্টগ্রামে চার হাজার নতুন সিএনজি অটোরিকশা নামানোর সুযোগ দেওয়ার ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমাদের সমিতির সদস্যরা কিছু সিএনজি অটোরিকশা কিনেছিল। কিন্তু এর মধ্যে চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক এস কে সিকদার উচ্চ আদালতে রিট করে চট্টগ্রামে নতুন সিএনজি চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করলে আমরা পাল্টা রিট করি। এর মাধ্যমে নিবন্ধনের আগ পর্যন্ত সিএনজি অটোরিকশা রাস্তায় চলাচলে পুলিশি হস্তক্ষেপ না করার আবেদন জানাই।’
পাঠানটুলী-চৌমুহনী সিএনজি স্ট্যান্ড একতা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরুল আলমের সঙ্গে গতকাল বিকেলে মুঠোফোনে সিএনজি অটোরিকশা মালিকের পরিচয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনি ইফতারের পর ড্রাইভারের ছবি, লাইসেন্স নিয়ে আমাদের অফিসে আসেন। আপনার গাড়ি রাস্তায় চলতে পারবে। কোনো অসুবিধা হবে না। পুলিশে ধরলে আমাদের রিস্ক।’
জানা যায়, চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক এস কে সিকদার ২০১২ সালে প্রথমে বিআরটিএর কাছে চট্টগ্রাম মহানগরে সিএনজি অটোরিকশার সংখ্যা বাড়ানোর আবেদন করেন। এর পরের বছরে তিনি চট্টগ্রামে নতুন সিএনজি অটোরিকশা চলাচলের ওপর বিধিনিষেধ জারির আবেদন জানিয়ে উচ্চ আদালতে রিট করেন।
এ প্রসঙ্গে এস কে সিকদার বলেন, ‘প্রথমে সার্বিক পরিস্থিতি ভিন্ন ছিল, তাই নতুন সিএনজির আবেদন জানিয়েছিলাম। কিন্তু পরে গ্যাসের সংকট, ড্রাইভারের স্বল্পতা এবং যানজটের কথা বিবেচনা করে হাইকোর্টে রিট করেছি।’
এস কে সিকদার নিজেকে চট্টগ্রামে সবচেয়ে পুরোনো সিএনজি অটোরিকশা মালিক সমিতির সদস্য হিসেবে দাবি করে বলেন, ‘চট্টগ্রামে একটি চক্র বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করে অবৈধ সিএনজি অটোরিকশা বের করছে। এ ধরনের যানবাহনের সংখ্যা চার হাজারের মতো হবে। এগুলোর কারণে ছিনতাই, লুটতরাজের ঘটনাও বাড়ছে নগরে।