চট্টগ্রাম নগরে পরিবহন সংকট শিগগির কাটছে না
চট্টগ্রাম নগরে শিগগিরই পরিবহনসংকট কাটছে না। বতর্মান পরিস্থিতি মোকাবিলায় ৮ সেপ্টেম্বর বিআরটিএর সঙ্গে পুলিশের বৈঠক ডাকা হয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা না নিয়ে গত রোববার থেকে নগরে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করে দেয় পুলিশ।
গত ৩ জুলাই হাইকোর্ট চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী গত রোববার থেকে এ ধরনের রিকশা বন্ধ করে দিলে যানবাহনসংকটে পড়ে নগরবাসী। এই সুযোগে প্যাডেলচালিত রিকশা ও অটোরিকশার চালকেরা যাত্রীদের কাছে কয়েক গুণ বেশি ভাড়া দাবি করেন। দীর্ঘদিন ধরে নগরে মিটার ছাড়া চলছে অটোরিকশা।
পরিস্থিতি মোকাবিলায় গত সোমবার মহানগর পুলিশ বিআরটিএর কাছে চিঠি পাঠিয়েছে। এতে সিএনজিচালিত অটোরিকশায় নতুন ভাড়া নির্ধারণ করে মিটার পদ্ধতি চালুর অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান (যানবাহন) প্রথম আলোকে বলেন, পরিস্থিতি মোকাবিলায় কয়েক দিনের মধ্যে বিআরটিএ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক হবে।
বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (প্রকৌশল) মো. জামাল উদ্দিন বলেন, আগামী ৮ সেপ্টেম্বর বিআরটিএর সঙ্গে পুলিশের বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, ‘মানসম্মত মিটার চালুর আগ পর্যন্ত বিআরটিএ, পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের মাধ্যমে গ্রহণযোগ্য ভাড়ায় গাড়ি চালাতে আমাদের আপত্তি নেই।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহনসংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা বলেন, নগরে বিদ্যমান সংকটের সমাধান শিগগিরই হবে বলে মনে হয় না। পরিবহনব্যবস্থায় স্বাভাবিক অবস্থা ফিরে আসতে কয়েক মাস সময় লেগে যেতে পারে।
জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিবন্ধিত রিকশার সংখ্যা ৭০ হাজার। মহানগর রিকশা মালিক পরিষদের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ আকতার বলেন, প্রায় ২০ হাজার প্যাডেলচালিত রিকশাকে ব্যাটারিচালিত রিকশায় রূপান্তর করা হয়েছে। ভাড়া কমে যাওয়ায় বেশ কিছু রিকশা দীর্ঘদিন গ্যারেজে পড়ে আছে। ফলে এগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, প্যাডেলচালিত রিকশার চালকেরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন—এমন অভিযোগ পাওয়া গেলে জনস্বার্থে ব্যবস্থা নেওয়া হবে।