চট্টগ্রাম নগরে পানির নতুন পাইপলাইন বসাবে ওয়াসা
পানি সরবরাহব্যবস্থায় উন্নতি আনতে নগরের সব বিতরণ পাইপলাইন বদলাবে চট্টগ্রাম ওয়াসা। কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (ধাপ-২) আওতায় নগরের প্রায় ৬১৫ কিলোমিটার নতুন পাইপলাইন বসানো হবে।
গতকাল রোববার চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিজিসি) সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি করেছে ওয়াসা।
স্থানীয় একটি হোটেলে চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সিজিসির প্রেসিডেন্ট সান জিংহং চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসার প্রধান প্রকৌশলী মুহাম্মদ জহুরুল হক, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (ধাপ-২) পরিচালক কাজী ইয়াকুব সিরাজ উদ দৌলা, সিজিসির চিফ রিপ্রেজেনটেটিভ কিন কিয়াং।
অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, শহরের বিদ্যমান পাইপলাইনগুলো ৫০ থেকে ৬০ বছরের পুরোনো। এসব পাইপলাইনে পানি সরবরাহ করতে নানা ধরনের সমস্যা হচ্ছে। অনেক জায়গায় পাইপলাইন ফেটে পানির অপচয় হচ্ছে। নতুন পাইপলাইন বসানো হলে পানি সরবরাহের গুণগত মান বাড়বে। এ প্রকল্প বাস্তবায়ন হলে দৈনিক ১৪ কোটি লিটার পানি বেশি উৎপাদন হবে।
অনুষ্ঠানে জানানো হয়, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের (ধাপ-২) ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৪৯১ কোটি ১৫ লাখ টাকা। পানি উৎপাদন ও বিতরণ লাইন পরিবর্তনের জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে। পাঁচটি ভাগে (প্যাকেজে) প্রকল্পের কাজ শেষ হবে। এর মধ্যে পাইপলাইন তৈরি হচ্ছে দুটি প্যাকেজে। পাইপলাইন তৈরির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০ কোটি টাকা। ২০২২ সালে প্রকল্পের কাজ শেষ হবে।