চট্টগ্রাম নগরে পৃথক দুটি অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ ও হালিশহর শান্তিবাগ আবাসিক এলাকায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি পোশাক কারখানার মালামাল ও চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে ও দুপুরে এই দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ভোর পৌনে পাঁচটায় বৈদ্যুতিক গোলযোগ থেকে খাতুনগঞ্জের আমিন মার্কেটের পঞ্চম তলায় ‘বড় মিয়া ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ২ হাজার ৪০০ বর্গফুটের পোশাক কারখানাটির বিভিন্ন মালামাল পুড়ে যায়। কারখানাটিতে শার্ট, প্যান্ট তৈরি হতো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর ছয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে পোশাক কারখানার কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে হালিশহর থানাধীন শান্তিবাগ এলাকার ৫ নম্বর রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নার চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।