চট্টগ্রাম নগরে বিএনপির পথসভা ও গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম অভিমুখী চার দলের রোডমার্চ এবং পলোগ্রাউন্ডে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা সফল করতে গতকাল বৃহস্পতিবার নগরের বিভিন্ন স্থানে পথসভা ও গণমিছিল করেছে বিএনপি।বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর বিশ্বরোড মোড়ে আয়োজিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, তিন বছরের শাসনামলে শেখ হাসিনার সরকার গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যের জামানত বাজেয়াপ্ত হবে।পাহাড়তলী থানা বিএনপির আহ্বায়ক ও কাউন্সিলর শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।সমাবেশের পর একটি গণমিছিল হালিশহর বিশ্বরোড থেকে শুরু হয়ে অলংকার মোড়, সাগরিকা রোড ও পাহাড়তলী বাজার সড়ক ঘুরে ঈদগাহ কাঁচা রাস্তার মোড়ে এসে শেষ হয়।চান্দগাঁওয়ের পথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।কোতোয়ালিতে আয়োজিত পথসভায় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ৯ জানুয়ারি খালেদা জিয়া দেশ ও জাতিকে রক্ষার জন্য যে কর্মসূচি দেবেন, তা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।