নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ডাকা আজ রোববারের রাজপথ অবরোধ কর্মসূচি শুরুর আগ মুহূর্তে পুলিশ চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেবে। আজ ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলার কথা। এ কারণে চট্টগ্রাম নগরের প্রবেশপথগুলোতে পুলিশের কড়া নজরদারি থাকবে। চট্টগ্রাম নগর পুলিশ সূত্র জানায়, আজকের রাজপথ অবরোধ কর্মসূচিতে সহিংসতা এড়ানো পুলিশের লক্ষ্য। এ জন্য পুলিশ নগরে শান্তিপূর্ণ অবস্থান নেবে বলে জানা গেছে। চট্টগ্রাম নগরের ১২ থানার ছয় শতাধিক পুলিশের সঙ্গে আরও সাড়ে ৪০০ পুলিশ সদস্য যোগ দেবে। আজ রোববার ভোর পাঁচটা থেকে চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হবে। নগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘বিএনপি নিয়ে আমাদের চিন্তা নেই। তবে জামায়াত-শিবির কর্মসূচির সুযোগ নিয়ে অঘটন ঘটাতে পারে। তাদের নিয়ে আমাদের যত চিন্তা। তাই ভেবে-চিন্তে পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।’পুলিশ সূত্র জানায়, ‘নগরের প্রবেশপথ হিসেবে পরিচিত সিটিগেট, অক্সিজেন, শাহ আমানত সেতু এলাকা ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া বহদ্দারহাট, মুরাদপুর, সিমেন্ট ক্রসিং, নিউমার্কেট, কাজীর দেউড়িসহ নগরের আরও কয়েকটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নেবে।জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জনজীবন স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অঘটন এড়ানোর জন্য পুলিশ প্রস্তুত আছে। কেউ আইন হাতে নেওয়ার চেষ্টা হলে তা আইনিভাবে ঠেকানো হবে।’