চট্টগ্রাম নগরে মিটার ভাড়ায় অটোরিকশা চালাতে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দফা সময় পরিবর্তনের পর গতকাল বুধবার সকাল থেকে চট্টগ্রাম নগরে মিটার নির্ধারিত ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিশ্চিত করা হয়েছে। মিটারে যেতে অস্বীকৃতি জানানোয় এবং নির্ধারিত সময়ের মধ্যে মিটারের ক্যালিব্রেশন (দূরত্ব অনুপাতে ভাড়ার হার নির্ধারণ করা) না করায় পুলিশ গতকাল সকাল থেকে রাত আটটা পর্যন্ত মোট ২৬৭টি অটোরিকশার বিরুদ্ধে মামলা করেছে।ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ‘অভিযোগ ওঠা অটোরিকশাকে প্রথম দুবার জরিমানা করা হবে। তৃতীয় দফায় ওই অটোরিকশার চালকের লাইলেন্স বাতিল করা হবে। আর চতুর্থ দফায় একই অটোরিকশার বিরুদ্ধে মামলা হলে সঙ্গে সঙ্গে চালককে গ্রেপ্তার করা হবে।নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, যেসব অটোরিকশা কেলিব্রেশন করা মিটারের ভাড়ায় যাত্রী পরিবহন করবে না, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। জানা যায়, গতকাল সকাল থেকে ট্রাফিক পুলিশ নগরের ৩২টি পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে অটোরিকশা মিটারে চলছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। কোনো অটোরিকশা মিটারের ভাড়ায় যাচ্ছে না—যাত্রীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ অভিযুক্ত অটোরিকশার চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে।গতকাল রাত পর্যন্ত মিটার ভাড়ায় যাচ্ছে না এমন ২১১টি এবং মিটারের কেলিব্রেশন না থাকায় ৫৬টি অটোরিকশার বিরুদ্ধে মামলা ও এক হাজার ৪০০ টাকা করে জরিমানা করা হয়। এসব অটোরিকশার মিটার লাগাতে খরচ পড়ে ৭০০ টাকা। আজ বৃহস্পতিবারও পুলিশের অভিযান চলবে।