বিশ্বকাপ ফুটবলের বাকি খেলাগুলো যেসব দিনে হবে চট্টগ্রাম নগরের সড়কবাতি ওই রাতগুলোতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। খেলা চলার সময়ে বিদ্যুৎসাশ্রয় করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রাত থেকে ছয় দিনে বিশ্বকাপের আটটি খেলা হবে। এগুলো হচ্ছে চারটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর-ই-ইলাহী গতকাল প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ চলাকালীন সময়ে সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত নগরের সড়কবাতিগুলো জ্বালানো হবে না। তবে বহদ্দারহাট থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের প্রধান সড়কে বাতি যথারীতি জ্বলবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা যায়, পিক আওয়ারে (সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা) চট্টগ্রাম মহানগর এলাকায় বিদ্যুতের চাহিদা ২৭০ থেকে ৩০০ মেগাওয়াট। রাত আটটায় আবাসিক এলাকায় বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি নগরের শিল্প এলাকায় উৎপাদন অব্যাহত থাকায় এ সময় লোডশেডিং বেশি থাকে। ফলে তখন নগর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন থাকে। বিশেষ করে গ্রামীণ এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ বেশি হয়।