চট্টগ্রাম নগরে লক্ষাধিক অবৈধ রিকশা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে এক লাখের বেশি অবৈধ রিকশা চলাচল করছে বলে সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে। প্রায় ২৫ বছর ধরে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নতুন রিকশার লাইসেন্স দিচ্ছে না। পাশাপাশি বৈধ রিকশার লাইসেন্স নবায়নও বন্ধ রয়েছে চার বছর ধরে। এই সুযোগে প্রতিদিনই সড়কে নামছে নতুন রিকশা।নগর পুলিশের যানবাহন শাখা (ট্রাফিক বিভাগ) এসব অবৈধ রিকশাকে নগরে যানজটের অন্যতম কারণ বলে মনে করছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, ‘রাজনৈতিক’ কারণেই রিকশা নিয়ন্ত্রণ করা হচ্ছে না। চসিক সূত্রমতে, চট্টগ্রাম নগরে লাইসেন্সপ্রাপ্ত বৈধ রিকশার সংখ্যা ৩৫ হাজার একটি। ১৯৮৮ সালের পর থেকে নতুন করে আর কোনো রিকশার লাইসেন্স দেয়নি চসিক। কিন্তু চসিকের হিসাবেই নগরে এখন প্রায় এক লাখ লাইসেন্সবিহীন রিকশা চলাচল করে।চসিকের রাজস্ব কর্মকর্তা শামসুল আলম প্রথম আলোকে বলেন, চার বছর ধরে বৈধ রিকশার লাইসেন্স নবায়ন বন্ধ আছে। নতুন করে ৩৫ হাজার রিকশার লাইসেন্স দেওয়ার পর অবৈধ রিকশা সরিয়ে নেওয়া হবে বলে মেয়র আশ্বাস দিয়েছেন। তখন একসঙ্গে লাইসেন্স নবায়ন করা হবে।চট্টগ্রাম মহানগর রিকশাচালক মালিক ঐক্য পরিষদের সভাপতি আবদুল কাদের বলেন, ‘অবৈধ রিকশা আছে প্রায় ৬৫ হাজার। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী নতুন লাইসেন্সের আশ্বাস দিলেও বাস্তবায়ন করেননি। বর্তমান মেয়র নতুন লাইসেন্স দিলে আমরা অবৈধ রিকশা তুলে নিতে সহায়তা করব। সমিতির খরচ চালানোর জন্য মাসে রিকশাপ্রতি ১০ টাকা করে চাঁদা নিই।’নগর পরিকল্পনাবিদ দেলোয়ার হোসেন মজুমদার বলেন, রাজনৈতিক নেতারা জনপ্রিয়তা পেতে অঙ্গীকার করেন। আবার জনপ্রিয়তা কমবে ভেবে তা বাস্তবায়ন করেন না। সড়কে থাকা অবৈধ রিকশা আগে তুলে নিতে হবে। এরপর রিকশা নিয়ন্ত্রণ সম্ভব হবে। তা না হলে জীবিকার সন্ধানে থাকা মানুষ এ পেশায় আসবেই।নগরের গুরুত্বপূর্ণ মোড় দখল করে দাঁড়িয়ে থাকা, নিয়ন্ত্রণহীনভাবে চলাচল ও মূল সড়কে দ্রুতগতির যানবাহনের সঙ্গে রিকশা চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয় জানিয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (যানবাহন) এস এম তানভীর আরাফাত বলেন, ‘প্রায় দেড় লাখ অবৈধ রিকশা আছে। রাজনৈতিক কারণেই অবৈধ রিকশা নিয়ন্ত্রণে চসিকের আগ্রহ কম।’চসিকের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রায় এক লাখ অবৈধ রিকশা আছে। লাইসেন্স নবায়ন বন্ধ থাকায় আমরা রাজস্ব হারাচ্ছি। আগামী জানুয়ারিতে ৩৫ হাজার নতুন রিকশাকে লাইসেন্স দেওয়া হবে। এরপর অবৈধ রিকশা সরিয়ে নেওয়া হবে।