চট্টগ্রাম নগরে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিসের উদ্বোধন
চট্টগ্রাম মহানগর এলাকায় যাত্রী পরিবহনের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে নগরের হোটেল আগ্রাবাদে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তবে বাস সার্ভিসের উদ্বোধন করা হলেও বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করতে আরও কয়েক দিন লাগতে পারে।
অনুষ্ঠানে মেয়র নাছির উদ্দীন বলেন, এসি (শীতাতপনিয়ন্ত্রিত) বাস চট্টগ্রাম মহানগরের পরিবহনব্যবস্থায় নতুন সংযোজন। যাত্রীরা স্বাচ্ছন্দে৵ নগরের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। এই বাস কেনার জন্য কিস্তি ও ঋণ দেওয়া আরও সহজ করতে পারলে নগরে এসি বাসের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
প্রিমিয়ার ট্রান্সপোর্ট সার্ভিস (প্রা.) লিমিটেড কোম্পানি চট্টগ্রাম নগরে ৩৫ আসনের ২০টি বাস নামাচ্ছে। নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ৩৩ কিলোমিটার দূরত্বের ভাড়া ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাসে ওঠানামা এবং ৩ কিলোমিটার দূরত্ব পর্যন্ত একজন যাত্রীকে ২০ টাকা ভাড়া দিতে হবে।
প্রিমিয়ার ট্রান্সপোর্ট সার্ভিস (প্রা.) লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রসুল বলেন, সব কটি বাসে ওয়াইফাই সংযোজনের কাজ চলছে। আশা করা যায়, ৩০ জুনের মধ্যেই বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করা যাবে।