চট্টগ্রাম নগরে সন্ধ্যায় হঠাৎ পরিবহন ধর্মঘট পরে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহনশ্রমিক নেতাকে অপহরণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বঘোষণা ছাড়াই চট্টগ্রাম নগরে হঠাৎ পরিবহন ধর্মঘট শুরু হলে দুর্ভোগে পড়ে মানুষ। তবে ধর্মঘটের বিষয়টি পরিবহনশ্রমিকদের অনেকে তাৎক্ষণিকভাবে না জানায় নগরের বিভিন্ন রুটে কিছু গাড়ি চলাচল করে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক ও বিভাগীয় কমিটি বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন ধর্মঘটের ডাক দিলেও রাত ১১টার দিকে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার বিকেল চারটা পর্যন্ত তা স্থগিত করা হয়।
এর আগে শ্রমিক ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গার নারিকেলতলা থেকে বন্দরটিলায় যাওয়ার সময় পরিবহনশ্রমিক নেতা নুরুল ইসলামকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। তাঁকে অপহরণের প্রতিবাদে এবং অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের ওই পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের অপহরণের বিষয়ে বুধবার নগরের ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার খোঁজাখুঁজি করে এবং প্রশাসনিক পর্যায়ে যোগাযোগের পরও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে আঞ্চলিক ও বিভাগীয় ফেডারেশন ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে।
রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী প্রথম আলোকে বলেন, নুরুল ইসলামকে উদ্ধারে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি) ডাকা পরিবহন ধর্মঘট আজ শুক্রবার বিকেল চারটা পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিকেলে চট্টগ্রাম শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হবে। এর মধ্যে তাঁকে উদ্ধার করা না গেলে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, শ্রমিক নেতা নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি জানান, অপহরণের ব্যাপারে পরিবারের সদস্যরা কাউকে সন্দেহ করতে পারছেন না।