চট্টগ্রাম নগরে সেনা টহল শুরু হবে ১৪ জুন থেকে
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে সেনাসদস্যরা ছয়টি অস্থায়ী ছাউনিতে অবস্থানের পাশাপাশি রাস্তায় টহল দেবেন। ১৪ জুন থেকে তাঁরা টহল শুরু করবেন। কর্ণফুলী নদীতে কোস্টগার্ডের টহল শুরু হবে নির্বাচনের আগের দিন অর্থাৎ ১৬ জুন থেকে। কোনো প্রার্থীর লোকজন ভোটকেন্দ্র অভিমুখী ভোটারদের যাতে প্রভাবিত করতে কিংবা বাধা দিতে না পারে, সে জন্য ১৭ জুন ১২০টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ-আনসারের সমন্বয়ে তল্লাশি চৌকি (পিকেট) বসানো হবে। প্রয়োজনে পিকেটের সংখ্যা বাড়ানো হতে পারে। চট্টগ্রাম মহানগর পুলিশের সম্মেলনকক্ষে গতকাল বুধবার দুপুরে আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই সভায় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিডিআর, কোস্টগার্ড, আনসার এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন করে তাঁদের বসিয়ে রেখে তো লাভ নেই। সে জন্য তাঁদের টহলের সিদ্ধান্ত হয়েছে।’ সমন্বয় সভার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার, তার সবই আমরা করেছি।’জানা যায়, এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রায় ২২ হাজার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে নগরে বিডিআর সদস্যদের টহল শুরু হয়েছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার অর্থাৎ শুধু ডাকা হলে রাস্তায় নামবে—এমন সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী নগরের ছয়টি এলাকায় অস্থায়ী ছাউনি করে ছয় কোম্পানি সেনাসদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গত সোম ও মঙ্গলবার চট্টগ্রামে অবস্থানকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে সেনাবাহিনীর টহল বিষয়ে সিদ্ধান্ত দেন। নতুন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাখাওয়াত স্যার চট্টগ্রামে অবস্থানকালে সেনাবাহিনীর টহলের ব্যাপারে সিদ্ধান্ত হয়। আজকের (বুধবার) সমন্বয় সভায়ও একথা জানানো হয়েছে।’ জানা যায়, নির্বাচনে সেনাবাহিনীর ছয় কোম্পানি (প্রায় ৬০০ সদস্য) মোতায়েন থাকবে। তাঁদের সঙ্গে থাকবে একটি বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল।