চট্টগ্রাম নগরে সোয়া ৩ ঘণ্টায় তিন অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের তিনটি স্থানে সোয়া তিন ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার ভোরের মধ্যে সংঘটিত এসব অগ্নিকাণ্ডে বসতঘর, কারখানা, ইলেকট্রনিক পণ্যের দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগ্রাবাদের হাজীপাড়া এলাকার ডা. নুরুল আফছার কলোনিতে আগুন লাগে। আগুনে ২৪টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের ৮টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে ভোর পৌনে ছয়টায় আগুন লাগে পূর্ব বাকলিয়া এলাকার আবদুল লতিফ হাটে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এ আগুনে একটি মিনারেল ওয়াটার ও একটি মশার কয়েল তৈরির কারখানা পুড়ে যায়। এই ঘটনায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লামারবাজার ও নন্দনকানন স্টেশনের কর্মীরা কাজ করেছেন। তাঁদের চেষ্টায় সকাল সোয়া সাতটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মো. জসিম উদ্দিন জানান, তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নগরের পাহাড়তলী এলাকার অলংকার শপিং কমপ্লেক্সে। বৈদ্যুতিক গোলযোগের কারণে সকাল পৌনে সাতটার দিকে মার্কেটের নিচতলার একটি ইলেকট্রনিকস সরঞ্জামের দোকানে আগুন লাগে। বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেছে। এ ঘটনায় দুজন পৃথক মালিকের দুটি ইলেকট্রনিক সরঞ্জামের দোকান পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।