চট্টগ্রাম নগরে ৫০টি স্থাপনা অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নগরের চকবাজার থেকে বহদ্দারহাট এলাকায় অন্তত ৫০টি অবৈধ স্থাপনা অপসারণ করেছে। আজ সোমবার দুপুরে চউকের পরিদর্শক দল এ অভিযান চালায়।

চউকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাস্তার প্রশস্ততা সংরক্ষণ, ব্যতিক্রমী নির্মাণ, ভবনের ব্যবহার পরিবর্তন, অবৈধভাবে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করতে চউকের পরিদর্শক দল নগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নগরের চকবাজারের অলি খাঁ মসজিদ থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়। সড়ক সম্প্রসারণের জন্য রাখা জায়গা দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে।

আজকের অভিযানে উপস্থিত ছিলেন চউকের ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান শাহীনুল ইসলাম খান, অনুমোদিত কর্মকর্তা-১ (অথরাইজড অফিসার) ও নির্বাহী প্রকৌশলী মোহা. মনজুর হাসান, নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ, ঊর্ধ্বতন স্থপতি মাহারিনা জাফরিন, সহকারী অনুমোদিত কর্মকর্তা আসাদ বিন আনোয়ার, আনোয়ার হোসেন ও নগর পুলিশের সদস্যরা।