চট্টগ্রাম নগরে 'ছোটদের বৈশাখী মেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান দিয়ে অনুষ্ঠানের শুরু, একই সঙ্গে মেলারও। এই মেলা ছোটদের। তা-ও আবার বৈশাখ নিয়ে। চট্টগ্রাম নগরের নন্দনকাননের শিশুশিক্ষা প্রতিষ্ঠান ফুলকি প্রাঙ্গণে গতকাল বুধবার বিকেল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ছোটদের বৈশাখী মেলা।
এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ছিল শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা। নাচ, গান, নাটিকা, কথামালায় মেলার শুরুটা ছিল জমজমাট। মেলা উপলক্ষে ফুলকি প্রাঙ্গণ ও ভবন সাজানো হয় রং-বেরঙের কাগজ, বেলুন ও ফেস্টুনে।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে সাহিত্যিক আনিসুল হক বলেন, ‘এই দেশকে আমরা সবাই ভালোবাসি। আমরা চাই, দেশ আলোয় ভরে উঠুক। দেশে আলো যেমন আছে, তেমনি অন্ধকারও রয়েছে। অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বেলে লড়াই করে যেতে হবে আমাদের। আলো হচ্ছে আমাদের ভাষা, আমাদের গান, আমাদের সংস্কৃতি। সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে অন্ধকারকে পরাজিত করব আমরা।’
পরে আনিসুল হকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শিশুরা ছড়া পাঠ করে। তাঁর সঙ্গে হাততালিও দেয় তারা।
শিশুদের ভেতরে আগুনের ফুলকি রয়েছে উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমরা পরাজিত হব না। আমরা আলোর চর্চার মাধ্যমে অন্ধকারশক্তিকে পরাজিত করব।’
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘আমরা সংকটের ভেতর দিয়ে যাচ্ছি। তবে আমাদের অনেক প্রাপ্তি রয়েছে। শিক্ষার হার বেড়েছে। শিশুরা বছরের প্রথম দিন বই পাচ্ছে। এগুলো ইতিবাচক দিক।’ তিনি বলেন, ‘ধর্মান্ধতা ও রক্ষণশীলতাকে পরাজিত করতে হবে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে। এ জন্য একাত্তরের মতো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশলী বিধান বড়ুয়া ও ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন।