চট্টগ্রাম নগরের একটি রুটে আকস্মিক টেম্পো ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেম্পো শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধর করার প্রতিবাদে এবং চার চাকার টেম্পো চলাচল বন্ধের দাবিতে গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের বারিক বিল্ডিং থেকে চকবাজার পর্যন্ত রুটে (১ নম্বর রুট) আকস্মিক ধর্মঘট পালন করা হয়। এতে দুর্ভোগে পড়ে ওই রুটে চলাচল করা লোকজন।

টেম্পোমালিক ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার রাতে নগরের দেওয়ানহাট এলাকায় পরিবহন শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের নেতা নজরুল ইসলাকে দুর্বৃত্তরা মারধর করে। এ ঘটনার জন্য চার চাকার টেম্পোশ্রমিকদের সন্দেহ করছেন তিন চাকার টেম্পোমালিক ও চালকেরা। এর জের ধরে গতকাল দুপুরে আকস্মিকভাবে বারিক বিল্ডিং থেকে চকবাজার পর্যন্ত ১ নম্বর রুটের টেম্পো চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. অলি আহমেদ প্রথম আলোকে বলেন, নগরের ১৮টি রুটে টেম্পো চলাচল করে। পরিবহন শ্রমিকনেতা নজরুলকে মারধর করার প্রতিবাদে বারিক বিল্ডিং-চকবাজার রুটের টেম্পোশ্রমিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখেন। তিনি বলেন, ‘পরিবহনশ্রমিকেরা চার চাকার গাড়ি চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।’

জানতে চাইলে উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান প্রথম আলোকে বলেন, ‘তাঁদের দাবি নিয়ে আমার সঙ্গে কথা বলতে বলেছি। আগামীকাল (আজ) আমার দপ্তরে বৈঠক হবে।’