চট্টগ্রাম নগরের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে ম্যাজিস্ট্রেট কলোনিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ​ বিপর্যয় ঘটে । ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড়ে ম্যাজিস্ট্রেট কলোনিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ​ বিপর্যয় ঘটে । ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের লালখান বাজার, খুলসি, আসকার দিঘী, রহমতগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যার পর বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। ইফতারের কয়েক মিনিট আগে টাইগারপাস মোড়ে ম্যাজিস্ট্রেট কলোনির লাগোয়া ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ফলে এই বিপর্যয়ের সৃষ্টি হয়।

পিডিবির নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) অশোক চৌধুরী বলেন, ইফতারের কয়েক মিনিট আগে একটি কাভার্ড ভ্যান ইউ টার্ন নেওয়ার সময় ওই বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

বিদ্যুৎ​ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। ছবি: সৌরভ দাশ
বিদ্যুৎ​ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে। ছবি: সৌরভ দাশ

এতে ওই খুঁটির অবস্থা নাজুক হয়ে পড়ে ও লালখান বাজার, খুলসি, আসকার দিঘী, রহমতগঞ্জসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। রাত ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে ওই লাইন ঠিক করার কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে।
নির্বাহী প্রকৌশলী বলেন, এসব এলাকায় মোট ৪৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। বিকল্পভাবে সেখানে ২০ থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পালাক্রমে ওই এলাকাগুলোতে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ সঞ্চালন লাইন ঠিক হয়ে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।