চট্টগ্রাম নগরের খাল খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চাক্তাই খাল থেকে মাটি উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের বহদ্দারহাট পুলিশ বিট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আগামী মার্চ মাস পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলাবদ্ধতামুক্ত নগর গড়ার জন্য এবার ২৮টি খাল থেকে মাটি ও আবর্জনা উত্তোলন করা হবে। এ জন্য নগরের ৪১টি ওয়ার্ডকে চারটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। খাল খনন কর্মসূচিতে ব্যয় হবে পাঁচ কোটি টাকা। সিটি করপোরেশনের নিজস্ব জনবল ও যন্ত্রপাতি দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি করপোরেশন নগরের জলাবদ্ধতা নিরসনে পাওয়ার চায়না নামের একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় দীর্ঘমেয়াদি বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিতে যাচ্ছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ২৮টি খালের পানির ধারণক্ষমতা বৃদ্ধি এবং খালের মুখে জলকপাট (স্লুইস গেট) নির্মাণ, মদুনাঘাট থেকে পতেঙ্গা নেভাল অ্যাভিনিউ পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণসহ মেগা প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে।
খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম, প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন ও আবু ছালেহ, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক ও ফরহাদুল আলম।