জাহানারা পারভিন নগরের বহদ্দারহাটে থাকেন। চাকরি করেন আগ্রাবাদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ওই রুটে সিটি করপোরেশনের একটি মহিলা বাস সার্ভিস চালু আছে, গত দুই বছরে তিনি সেটা জানতে পারেননি। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘সাধারণ বাসে যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। বাধ্য হয়ে মাঝেমধ্যে এক গাদা টাকা খরচ করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে অফিসে যাই। মেয়েদের বাসটি কখন, কোন রুটে যায়, সেটিই তো জানি না।’
নারী ও শিশুদের জন্য ২০০৬ সালে ১০টি বাস সার্ভিস চালু করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। তখন ওই প্রকল্পের নাম ছিল ‘নিরাপদ মহিলা ও শিশু যাত্রী সেবা’। রুট পারমিটবিহীন ওই প্রকল্পটি সফলতার মুখ দেখেনি। পর্যাপ্ত যাত্রী না থাকায় পরে তা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এর পর থেকে চট্টগ্রাম নগরের নারীদের জন্য আলাদাভাবে বাস সার্ভিস চালু করার কথা ভাবেনি কেউ। নামকাওয়াস্তে বছর দুয়েক আগে সিটি করপোরেশন মেয়েদের জন্য আলাদা একটি বাস চালু করেছে। তবে সেটিরও কোনো প্রচার নেই।
যোগাযোগ করা হলে মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘মেয়েদের জন্য শিগগিরই তিন-চারটি বাস নামাব আমরা। এটি দরকার। এ জন্য নারী চালক খোঁজা হচ্ছে। বর্তমানে আলাদা করে মেয়েদের বাস সার্ভিস চালু নেই।’
তবে এ বিষয়ে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী জয়সেন বড়ুয়া বলেন, ‘মেয়র মহোদয়ের নির্দেশেই মেয়েদের জন্য একটি বাস সার্ভিস চালু করা হয়েছে। কোনো কারণে মনে হয়, উনি সেটি ভুলে গেছেন।’
জয়সেন বড়ুয়া জানান, মহিলা বাসে পর্যাপ্তসংখ্যক যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে দুই বছর ধরেই লোকসান হচ্ছে। বাস সার্ভিস চালুর বিষয়ে সঠিক প্রচার ও তদারকির অভাব আছে কি না জানতে চাইলে তিনি সেটি স্বীকার করেননি।
জানা গেছে, মেয়েদের জন্য চালু একমাত্র বাসটি বহদ্দারহাট স্বাধীনতা পার্ক থেকে পতেঙ্গা পর্যন্ত ১০ নম্বর রুটে চালু আছে। দিনে দুবার করে চারবার আসা-যাওয়া করে বাসটি। ইপিজেডের কারখানাগুলোতে কর্মরত লক্ষাধিক নারীকর্মী, কর্মজীবী নারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ বাসের মূল টার্গেট। তবে প্রচার না থাকায় ও সময় বেঁধে চলাচল না করায় যথেষ্টসংখ্যক যাত্রী পাওয়া যাচ্ছে না।
গতকাল বুধবার সরেজমিনে বহদ্দারহাট স্বাধীনতা পার্কে গিয়ে দেখা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি বিকল হয়ে আছে। সামনে-পেছনে কোথাও মহিলা সার্ভিস কথাটি লেখা নেই। সিটি করপোরেশনের বাসগুলোর সুপারভাইজার সাইফুল হায়দার অবশ্য দাবি করেন, বাসটি নতুন করে রং করায় এখনো মহিলা সার্ভিস কথাটি লেখা হয়নি। খুব দ্রুত সেটি করা হবে। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে সার্ভিস বন্ধ রাখতে হয় বলে স্বীকার করেন তিনি।
নারী-পুরুষের সমতায় বিশ্বাসী হলেও সামাজিক বাস্তবতার কারণে মেয়েদের আলাদা পরিবহনসেবা দরকার বলে মনে করেন চট্টগ্রামের নারীনেত্রীরা। তদারকি ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সিটি করপোরেশনের প্রথম উদ্যোগটি সফল হয়নি বলে মনে করেন তাঁরা। সঠিক রুট ও সময় নির্ধারণ, পর্যাপ্তসংখ্যক বাস, সঠিক প্রচার ও সেবার মান উন্নত হলে এটি লাভজনক হবে বলে তাঁরা মনে করেন।
মহিলা পরিষদ চট্টগ্রাম বিভাগের সভানেত্রী লতিফা কবির বলেন, ‘নানা ধরনের হয়রানির ভয়ে অনেক মেয়েই গণপরিবহনে উঠতে চান না। যেখানেই সুযোগ পাচ্ছি, মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিসের দাবি তুলছি।’
সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও নগর মহিলা লীগের দপ্তর সম্পাদিকা রেহানা কবির প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। লোকসান হলেও মেয়েদের বাস সার্ভিস চালু থাকা দরকার।
সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ঢাকায় মহিলা বাস সার্ভিস চালু করেছে। তবে চট্টগ্রামে আপাতত মেয়েদের আলাদা বাস চালুর পরিকল্পনা নেই বলে জানালেন বিআরটিসির পরিচালক নিখিল রঞ্জন রায়।
প্রথম আলোকে নিখিল রঞ্জন বলেন, শহরে বিআরটিসির সিটি বাস সার্ভিস উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে মেয়েদের জন্য সিট রিজার্ভ থাকবে। পরে চাহিদা বুঝে মেয়েদের আলাদা বাস চালুর বিষয়টি বিবেচনা করা হবে।