চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন l প্রথম আলো
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন l প্রথম আলো

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে বলে স্বীকার করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আইনগত প্রক্রিয়াসহ বিভিন্ন কারণে প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করাও কঠিন বলে মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নগরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে মেয়র নাছির বলেন, অন্য সেবা সংস্থার কাজের জন্য দুর্ভোগ তৈরি হলেও তার দায় নিতে হচ্ছে সিটি করপোরেশনকে। কারণ করপোরেশনের কাছে নগরবাসীর প্রত্যাশা বেশি।
আইনগত প্রক্রিয়ার কারণে চাইলে সব করা সম্ভব নয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘বাইরে থেকে মানুষ আমাদের অনেক কিছু মনে করেন। কিন্তু চাইলে আমরা সব করতে পারি না। আমরা পুরোপুরি জিম্মি।’
জলাবদ্ধতা নিরসনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনা ১৭ আগস্ট সংবাদ সম্মেলনে করে জানানো হবে বলে জানান মেয়র। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মিথ্যা ও বায়বীয় আশ্বাস, মিথ্যা ধারণা, সাময়িক বাহবা পাওয়া আমি এর পক্ষপাতী নই। জলাবদ্ধতা কেন, কী কারণে হচ্ছে এবং এ সমস্যা নিরসনে করপোরেশন কী কী পদক্ষেপ নিয়েছে তা সবার সামনে তুলে ধরা হবে।’
এদিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে কাল শনিবার চট্টগ্রাম নগরের প্রায় ৫ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। লিখিত বক্তব্য বলা হয়, নগরের ৪১টি ওয়ার্ডে ১ হাজার ২৮৮টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।
গতকালের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্সিলর নুরুল হক, গিয়াস উদ্দিন, হাসান মুরাদ, এস এম হাবিবুল হক, নাজমুল হক ও স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী।