চট্টগ্রাম নগরের দুই প্রতিষ্ঠানকে দশ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পরিবেশ দূষণের দায়ে গতকাল বৃহস্পতিবার দুটি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দুটি হলো নগরের কালুরঘাট শিল্প এলাকার সিঅ্যান্ডএ টেক্সটাইল মিল এবং নাসিরাবাদ শিল্প এলাকার এস কে এক্সেসরিজ লিমিটেড।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত সিঅ্যান্ডএ টেক্সটাইল মিল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) কার্যকর না রেখে উত্পাদন চালিয়ে যাচ্ছিল। ফলে কারখানার বর্জ্য কর্ণফুলী নদীতে মিশে পানি দূষিত হচ্ছিল। এ অপরাধে সিঅ্যান্ডএ টেক্সটাইলকে সাত লাখ ৮০০ টাকা জরিমানা করা হয়। আর ইটিপি না থাকায় এস কে এক্সেসরিজকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সিঅ্যান্ডএ টেক্সটাইল কর্তৃপক্ষকে ইটিপি চালু ও এস কে এক্সেসরিজকে অবিলম্বে ইটিপি স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুই কারখানাকেই এর আগে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল।মুনীর চৌধুরী আরও জানান, গতকাল বান্দরবানে পাহাড় কেটে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের দায়ে সাকুরা হিল রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।