চট্টগ্রাম নগরের বর্জ্য অপসারণ হবে রাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন এখন থেকে রাতে নগরের ময়লা-আবর্জনা পরিষ্কার করবে। কাল মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হবে।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের ১ হাজার ৮০০ পরিচ্ছন্নতাকর্মী প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নগরের ময়লা-আবর্জনা অপসারণ করবেন। এতে ৯০টি গাড়ি ব্যবহার করা হবে। নগরবাসীকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে নির্দিষ্ট ডাস্টবিন ও কনটেইনারে আবর্জনা ফেলতে হবে।
শফিকুল মান্নান সিদ্দিকী জানান, আগে সকাল ৬টা থেকে বেলা ২টা এবং বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই দফায় বর্জ্য অপসারণ করা হতো। নতুন ব্যবস্থাপনায় বর্জ্য পরিষ্কার করা হবে একবার।
সিটি করপোরেশন সূত্র জানায়, নতুন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে নগরবাসীকে অবহিত করতে জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়। নগরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। এ ছাড়া মাইকযোগে প্রচারণা চালানো হয়েছে।
এদিকে গতকাল সকালে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন পরিচ্ছন্নতা বিভাগ ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছেন। আবর্জনা অপসারণে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে মেয়র বলেন, নগরবাসীকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে ময়লা-আবর্জনা নির্ধারিত স্থান, ডাস্টবিন ও কনটেইনারে ফেলতে হবে। এর আগে কিংবা পরে ফেলতে পারবেন না। এর ব্যত্যয় হলে বিধিবিধান প্রয়োগ করা হবে। আর পরিচ্ছন্নতাকর্মীদের শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে বর্জ্য অপসারণের কাজ রাতের মধ্যে শেষ করতে হবে।