চট্টগ্রাম নগরের বিস্তীর্ণ এলাকা অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলপথ অবরোধ করে কোটা সংস্কার দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। নগরের ষোলশহর স্টেশন, সকাল ৯টা ৩০মিনিট। ছবি: জুয়েল শীল
রেলপথ অবরোধ করে কোটা সংস্কার দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। নগরের ষোলশহর স্টেশন, সকাল ৯টা ৩০মিনিট। ছবি: জুয়েল শীল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের হাজারো শিক্ষার্থী অবস্থান নিয়েছে। ফলে দক্ষিণে জিইসি মোড়, উত্তরে মুরাদপুর, পূর্বে প্রবর্তক মোড় এবং পশ্চিমে রুবি গেট এলাকা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প সড়ক দিয়ে গাড়ি চলাচল করতে পুলিশ দিকনির্দেশনা দিয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম নগরের বিস্তীর্ণ এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।


ভয়াবহ যানজট সৃষ্টি হওয়ায় আজ দুপুর সাড়ে ১২টায় লালখান বাজার থেকে মুরাদপুরের উড়ালসড়কটি আবার খুলে দেওয়া হয়। কিন্তু ষোলশহরে অবস্থান কর্মসূচির কারণে নগরের জিইসি মোড় ও ষোলশহরকেন্দ্রিক আবাসিক এলাকার বাসিন্দা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

আজ বুধবার সকাল সাড়ে নয়টায় প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষোলশহর স্টেশনে জমায়েত হয়। সেখানে শাটল ট্রেন অবরোধ করেন তাঁরা। দুই ঘণ্টা পর তাঁরা প্রায় ৪০০ মিটার দূরে ষোলশহর দুই নম্বর গেটে এসে অবস্থান নেয়। এরপর চট্টগ্রাম কলেজ ও হাজি মুহাম্মদ মহসিন কলেজ এবং একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে যুক্ত হন।

শত শত শিক্ষার্থী নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কটি অবরোধ করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
শত শত শিক্ষার্থী নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কটি অবরোধ করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

একদল শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কোটাপ্রথার বিরুদ্ধে বলছিলেন। তাঁদের স্লোগান, ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই’, কোটাপ্রথা তুলিয়ে দাও, তুলতে হবে।’ এ সময় কৃষিমন্ত্রী মতিয়ার চৌধুরীর বিরুদ্ধে তাঁদের স্লোগান দিতে দেখা গেছে। বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

বেলা পৌনে একটার দিকে প্রবর্তক মোড় থেকে ষোলশহর দুই নম্বর গেটের দিকে পুলিশের একটি জলকামান শিক্ষার্থীদের বাধায় পিছু হটে। পুরোনো পুলিশ সুপার কার্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় শুয়ে জলকামানের গতিরোধ করে। এ সময় কয়েকজন শিক্ষার্থী গাড়িতে হামলার চেষ্টা চালালে অন্য কয়েকজন শিক্ষার্থী তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এ সময় জলকামানটি ৩০০ মিটার পিছু হটে।

এদিকে জলকামান অবরোধ করার খবর পেয়ে নগরের বিভিন্ন মোড় থেকে পুলিশ সদস্যরা দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছায়। আন্দোলনরত শিক্ষার্থীরাও আরও পিছু হটে ষোলশহর দুই নম্বর গেটের কাছাকাছি চলে যায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ এড়াতে কিছু শিক্ষার্থী রাস্তার ওপর নির্মাণসামগ্রী তথা নির্মাণাধীন একটি ভবনের রড ও ইট ফেলে গতিরোধক তৈরি করে। এতে শিক্ষার্থীদের অবস্থান ষোলশহর মোড়ে সীমাবদ্ধ হয়ে যায়।

সড়ক অবরোধের কারণে এই ব্যক্তিকে অসুস্থ সন্তানকে কোলে নিয়ে হেঁটে হাসপাতালে যেতে হয়। দুপুর ১২টা, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
সড়ক অবরোধের কারণে এই ব্যক্তিকে অসুস্থ সন্তানকে কোলে নিয়ে হেঁটে হাসপাতালে যেতে হয়। দুপুর ১২টা, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

আন্দোলনরত শিক্ষার্থী আলী রেজা বলেন, কোটাপ্রথা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। কোনো অপশক্তি তাঁদের রুখতে পারবে না।
সরকারের কাছে একটাই দাবি, দ্রুত কোটা সংস্কার করতে হবে।

উপপুলিশ কমিশনার মো. আবদুল ওয়ারিশ প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করলে কোনো সমস্যা নেই। কিন্তু তাঁরা ষোলশহর মোড়ে অবস্থান নেওয়ায় গোটা শহরে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। ষোলশহর নগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়। অবস্থান কর্মসূচির কারণে সাধারণ নাগরিকদের দুর্ভোগ বেড়েছে। তারা দুপুরের দিকে সরে যাবে বলে আমাদের বলেছে।

ভয়াবহ যানজট সৃষ্টি হওয়ায় আজ দুপুর সাড়ে ১২টায় লালখান বাজার থেকে মুরাদপুরের উড়ালসড়কটি আবার খুলে দেওয়া হয়। কিন্তু নগরের জিইসি মোড় ও ষোলশহরকেন্দ্রিক আবাসিক এলাকার বাসিন্দা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।

ষোলশহর স্টেশনমাস্টার এস এম শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ট্রেন চলাচল আপাতত বন্ধ।