টানা তিন দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের সড়কের খানাখন্দে পানি জমায় পথচারীদের ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে৷ গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ ছিল চট্টগ্রামে। তখনই সড়কগুলোর বেহাল চিত্র ফুটে ওঠে। এছাড়া নিচু এলাকায় পানিতে ভাসছে ময়লা-আবর্জনা।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ৫০০ কিলোমিটারের মধ্যে প্রায় ১০০ কিলোমিটার পাকা সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়। গতকাল বিকেলের মধ্যে জরিপকাজ শেষ করেছে করপোরেশন৷ বৃষ্টি থামলেই সড়ক মেরামতের কাজ শুরু হবে। এ জন্য ৫০ কোটি টাকা লাগবে।
নগরের আগ্রাবাদ এক্সেস সড়ক, হালিশহর, স্টেডিয়াম-সংলগ্ন নেভাল অ্যাভিনিউ সড়ক, সিরাজউদ্দৌলা সড়ক, চকবাজার, বাকলিয়ার বিস্তীর্ণ এলাকা, কাতালগঞ্জ আবাসিক এলাকার অভ্যন্তরীণ সড়কগুলো দিয়ে গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। পথচারীরাও ভোগান্তির শিকার হচ্ছে।
সড়কগুলোর খানাখন্দে পানি ও আবর্জনার স্তূপ জমেছে৷ রয়েছে উৎকট গন্ধও। কোথাও আবার মাটি ও পাহাড়ি বালুর স্তূপ জমেছে। কিন্তু বেশির ভাগ এলাকা থেকে গতকাল দুপুর পর্যন্ত মাটি, বালু ও আবর্জনা সরানোর কোনো লক্ষণ দেখা যায়নি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেন, ‘টানা বৃষ্টিতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে নগরের সড়কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের লোকজন গতকাল সোমবার সারা দিন জরিপ চালিয়ে ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে৷ বৃষ্টি বন্ধ হলেই রাস্তাগুলোর সংস্কারকাজ শুরু হবে।’
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) মনিরুল হুদার দাবি, বৃষ্টিতে ১০০ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাগুলো সংস্কারের জন্য কমপক্ষে ৫০ কোটি টাকার প্রয়োজন৷
এদিকে নগরের বিস্তীর্ণ এলাকায় পানির ওপর গৃহস্থালি আবর্জনা ভাসছে৷ সেখানে সিটি করপোরেশনের গাড়ি যেতে পারছে না। এ কারণে বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় উৎকট গন্ধে পরিবেশ দূষিত হয়েছে৷ পানির নিচে থাকা নগরের অনেক জায়গায় গাড়ি যেতে পারছে না বলে স্বীকার করেছেন মেয়র মন্জুর আলম৷
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সদস্য ও বাকলিয়ার বাসিন্দা শাহরিয়ার খালেদ প্রথম আলোকে বলেন, ‘বাকলিয়া যেন দুর্গত এলাকায় পরিণত হয়েছে। চার দিন ধরে সিটি করপোরেশনের ময়লার গাড়ি আসছে না। এখনো অনেক এলাকায় পানি জমে আছে৷ রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে৷’
নগরের সিরাজউদ্দৌলা সড়কের রুমঘাটা এলাকার বাসিন্দা প্রবীর কুমার বলেন, ‘দিদার মার্কেটের সামনে গৃহস্থালি ময়লার স্তূপ জমেছে। সময়মতো ময়লা না সরিয়ে নেওয়ার কারণে এক পাশের রাস্তাটি আবর্জনার ভাগড়ে পরিণত হয়েছে। সেই অংশ দিয়ে পথচারী ও গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।’
হালিশহরের বাসিন্দা নেয়ামত হোসেন বলেন, ‘ময়লা পানির সঙ্গে আবর্জনা ভাসছে রাস্তাগুলোতে। দুর্গন্ধে রাস্তায় বের হওয়া দায়। কিন্তু আবর্জনা সরানোর জন্য সিটি করপোরেশনের কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি।’