চট্টগ্রাম নগরের সরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে আসছে শিশুরা। বাইরে অভিভাবকদের অপেক্ষা
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে আসছে শিশুরা। বাইরে অভিভাবকদের অপেক্ষা
ভিড়ের মধ্যে মাকে খুঁজে পাচ্ছিল না শিশুটি। পরে মায়ের দেখা পায় সে। মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মা-ও। শেষে দেখা হয় দুজনের।
ভিড়ের মধ্যে মাকে খুঁজে পাচ্ছিল না শিশুটি। পরে মায়ের দেখা পায় সে। মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মা-ও। শেষে দেখা হয় দুজনের।

চট্টগ্রাম নগরের নয়টি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল বুধবার প্রথম দফায় ‘ক’ ক্লাস্টারভুক্ত চারটি সরকারি স্কুলের ভর্তি পরীক্ষা হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণির এবং বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নগরের মোট আটটি কেন্দ্রে প্রায় ১১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ক ক্লাস্টারের মধ্যে রয়েছে কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় (বালক শাখা) ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
পরীক্ষা চলাকালে এসব কেন্দ্রের বাইরে ছিল অভিভাবকদের ভিড়। বেশির ভাগ পরীক্ষার্থীর অভিভাবক পুরোটা সময় কেন্দ্রের বাইরে অপেক্ষা করেছেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৮টি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের একটি দল বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে ছিল। পরীক্ষায় প্রবেশপত্র ইস্যু করা হয়েছিল ১১ হাজার ৮৮২ জনের। এর মধ্যে সামান্য কিছু শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এক মনে উত্তর লিখছে শিশুটি
এক মনে উত্তর লিখছে শিশুটি

দ্বিতীয় দফায় ২৩ ডিসেম্বর ‘খ’ ক্লাস্টার এবং তৃতীয় দফায় ২৬ ডিসেম্বর ‘গ’ ক্লাস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নগরের সরকারি স্কুলগুলোকে এবার তিনটি ক্লাস্টারে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষা শেষ। বিদ্যালয়ের মাঠে জড়ো করা হয়েছে শিশুদের। এরপর অভিভাবকদের কাছে তুলে দেওয়া হবে তাদের। সব ছবি ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে
পরীক্ষা শেষ। বিদ্যালয়ের মাঠে জড়ো করা হয়েছে শিশুদের। এরপর অভিভাবকদের কাছে তুলে দেওয়া হবে তাদের। সব ছবি ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে

‘ক’ ক্লাস্টারে পঞ্চম থেকে নবম শ্রেণিতে আবেদন জমা পড়ে ১৪ হাজার ৪৪৩টি। ‘খ’ ক্লাস্টারে আবেদন জমা পড়েছে ২০ হাজার ৭৭৬টি। ‘গ’ ক্লাস্টারে আবেদন জমা পড়েছে ১১ হাজার ৩০৫টি।