চট্টগ্রাম নারী পোশাক শ্রমিকদের আবাসন তৈরির চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী পোশাকশ্রমিকদের বসবাসের উপযোগী আবাসনসুবিধা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর মধ্যে গতকাল রোববার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায় প্রায় ৮৪ কাঠা জায়গার ওপর ছয়তলা পাঁচটি আবাসন ভবনে এ সুবিধা থাকবে। এতে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হবে। এসব ভবনে একসঙ্গে প্রায় তিন হাজার শ্রমিক থাকতে পারবেন।চুক্তি অনুযায়ী, চউক নিজস্ব জায়গায় নিজ খরচে এসব ভবন নির্মাণ করবে। পরে পাঁচটি কিস্তিতে বিজিএমইএ পুরো অর্থ পরিশোধ করবে। দুই বছরের মধ্যে ভবন পাঁচটির নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা আছে।গতকাল চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃব্য দেন চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম ও বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এম এ ছালাম।নারী পোশাকশ্রমিকদের জন্য দেশে এ ধরনের আবাসনের উদ্যোগ এটাই প্রথম বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের চালিকাশক্তি নারী। এ শিল্পে নারীর সংখ্যা ৮০ শতাংশ হলেও অনুষ্ঠানে একজন নারী শ্রমিক কিংবা তাঁদের কোনো প্রতিনিধি নেই।প্রতিমন্ত্রী শ্রমিকদের মজুরির বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, মালিক-শ্রমিক এক হলেই টেকসই উন্নয়ন সম্ভব। চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, দেশের বেশির ভাগ গার্মেন্টস-পণ্য রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অথচ বেশির ভাগ তৈরি পোশাকশিল্প ঢাকায়।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী বলেন, ডরমিটরি ছাড়াও ইতিপূর্বে বিজিএমইএ চট্টগ্রামে পোশাকশ্রমিকদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল ও একটি স্কুল প্রতিষ্ঠা করেছে।তৈরি পোশাকশিল্পের জন্য অশনি সংকেত উল্লেখ করে নাসিরউদ্দিন বলেন, ‘পাকিস্তান এ বছরকে “টেক্সটাইল বছর” হিসেবে ঘোষণা করেছে। ভারত এ খাতে ২৫ হাজার কোটি রুপি বরাদ্দ এবং পাঁচ লাখ শ্রমিককে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। আর চীন ১৯টি খাতে প্রণোদনা ঘোষণা করেছে। অথচ আমাদের কোনো প্রস্তুতি নেই। বাজেটে আমাদের জন্য কিছু নেই।’