চট্টগ্রাম নার্সিং কলেজে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার ফলাফল পুনর্মুল্যায়নের দাবি কলেজ কর্তৃপক্ষ নাকচ করে দেওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবারও তারা ক্লাস ও হাসপাতালে প্র্যাকটিস বর্জন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
তবে কলেজ কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষার ফলাফল মূল্যায়ন করার এখতিয়ার তাদের হাতে নেই।
গত সোমবার থেকে পাসের হার বাড়ানো, বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে নার্সিং শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, প্রতিষ্ঠার পর থেকেই কলেজটির পাসের হার খুবই অসন্তোষজনক। এর জন্য শিক্ষকেরা বরাবর শিক্ষার্থীদের দোষারোপ করে আসছেন। চট্টগ্রাম নার্সিং কলেজের বেশির ভাগ শিক্ষার্থীই পড়াশোনা করে না বা কম মেধার এটি বিশ্বাসযোগ্য নয়।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের খামখেয়ালিপনার কারণেই প্রতিবছর অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। সঙ্গে বাড়ছে সেশনজট। এতে করে এ কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কেবল মিড টার্ম পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন করতে পারে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু বর্ষ সমাপনী পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বরাবর আবেদন করার পরামর্শ দেওয়ার পরও তারা অযৌক্তিক দাবি করে যাচ্ছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা পড়াশোনায় খুব অমনোযোগী থাকার কারণেই প্রতিবছর ফল বিপর্যয় ঘটে বলেও দাবি করেন কলেজের অধ্যক্ষ।