চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নার্সিং কলেজে ফলাফল বিপর্যয়ের ঘটনায় অধ্যক্ষকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক গণি ঘটনাস্থলে এসে অধ্যক্ষ হোসনে আরা বেগমকে মুক্ত করেন। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে প্রথম থেকে চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অবরোধ করে রাখেন। তবে বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ফিরে যান।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষার প্রথম বর্ষের ৮৩ শিক্ষার্থীর মধ্যে ৩০ জন, দ্বিতীয় বর্ষের ৪৩ জনের মধ্যে ৩২ জন, তৃতীয় বর্ষের ৭৯ জনের মধ্যে ৩৬ এবং চতুর্থ বর্ষের ৫২ শিক্ষার্থীর মধ্যে ১৯ জন উত্তীর্ণ হন।
কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ আহমেদ তানসীর প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও পরীক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। প্রতিবারই শিক্ষকেরা এই ফলাফল বিপর্যয় রোধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। যার প্রমাণ এবারের ফলাফল।’
এদিকে এ ঘটনায় মন্তব্য জানার জন্য অধ্যক্ষ হোসনে আরা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।