চট্টগ্রাম পলিটেকনিকে আবার অস্ত্রের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিবদমান ছাত্রদের মধ্যে সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা থেমে নেই। বৃহস্পতিবার রাতেও ক্যাম্পাসে অস্ত্রের মহড়া দিয়েছে একদল ছাত্র। গত এক সপ্তাহ ধরে ছাত্রলীগের বিবদমান দুটি পক্ষের মধ্যে এই উত্তেজনা চলে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ষোলশহর ও বায়েজিদ সড়কে গাড়ি ভাঙচুরের পর একদল ছাত্র ওই রাতে অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময় ছাত্রদের হাতে কিরিচ, ছোরা, হকিস্টিক ও লাঠিসোঁটা দেখা গেছে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের শাসনের শেষ মুহূর্তে ছাত্রলীগের ব্যানারে আরেকটি পক্ষ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই পক্ষের নেতৃত্ব দিচ্ছেন হেলালউদ্দিন, যিনি এর আগে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিএনপির শাসনামলের শেষ দিকে তিনি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ক্ষমতার পালাবদলের পর হেলাল ছাত্রলীগে যোগ দেন। ক্যাম্পাস সূত্রে আরও জানা যায়, গত মঙ্গলবার পলিটেকনিক ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল রুবেলকে কুপিয়ে আহত করার ঘটনার পর হেলাল গা ঢাকা দেন। ওই দিন সন্ত্রাসী ঘটনার পর ছাত্রলীগ ষোলশহর-বায়েজিদ সড়ক অবরোধ এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ওই ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেন।পলিটেকনিক ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ও ছাত্রলীগ নেতা নাছিরউদ্দিন কুতুবী বলেন, গাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয়। হেলালের অনুসারীরা গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। হেলাল ছাত্রলীগের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়ে আসছেন। আমরাও চাই, এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক। গত বৃহস্পতিবার রাতে পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে অস্ত্রের মহড়ার কথা স্বীকার করেন ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম হাসান পারভেজ। তিনি বলেন, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে ছাত্রলীগের তথাকথিত ছেলেরা গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ এবং অস্ত্রের মহড়া দিয়ে আসছে। আসলে তারা ছাত্রদলের কর্মী-সমর্থক। সরকারের শেষ সময়ে এসে ওরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।