চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীদের রেস্তোরাঁয় ভাঙচুর, অবরোধ
চট্টগ্রাম নগরের খুলশি থানার বেবিসুপার মার্কেটের কাছে একটি রেস্তোরাঁয় খাবারে ময়লা থাকার অভিযোগ তুলে ভাঙচুর চালিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম পলিটেকনিকের কয়েকজন ছাত্র পার্শ্ববর্তী হোটেল আল মদিনায় রাতের খাবার খেতে গিয়েছিল। এ সময় পরিবেশন করা খাবারে ময়লা দেখতে পায় ছাত্ররা। ময়লা নিয়ে ছাত্রদের সঙ্গে হোটেলের কর্মচারীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, খবর পেয়ে পলিটেকনিক থেকে একদল ছাত্র লাঠিসোঁটা নিয়ে ওই রেস্তোরাঁয় এসে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা হোটেলের কর্মচারীদের মারধর করে। এ সময় আহত ব্যক্তিদের মধ্যে একজন ছাত্র ও দুজন রেস্তোরাঁ-কর্মচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পুলিশ জানায়, ভাঙচুর ও রেস্তোরাঁ-কর্মচারীদের মারধরের পর পলিটেকনিকের শিক্ষার্থীরা বায়েজিদ বোস্তামি সড়ক অবরোধ করে।