চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) মেডিকেল সেন্টারে রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী সুলতান আরিফ ঠান্ডা ও কফজনিত কারণে বুকে ব্যথা অনুভব করেন। পরে তিনি চুয়েটের মেডিকেল সেন্টারে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ব্যবস্থাপত্রে ওষুধের নাম লিখে দেন। সূত্র জানায়, পরে মেডিকেল সেন্টার থেকে তাঁকে মেয়াদোত্তীর্ণ ক্যাপসুল ‘মেগাডক্স’ দেওয়া হয়, যার মেয়াদ ছিল ২০১১ সালের এপ্রিল মাস পর্যন্ত। সূত্র জানায়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে গতকাল চুয়েটের মেডিকেল সেন্টারে অনুসন্ধান চালিয়ে ১৫০টি মেয়াদোত্তীর্ণ ‘মেগাডক্স’ পাওয়া যায়। চুয়েটের রেজিস্ট্রার মো. সফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়টি আমি জেনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ চুয়েট মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক মো. ইউসুফ মিঞা প্রথম আলোকে বলেন, ‘প্রতি দুই মাস পর পর মেডিকেল সেন্টারের ওষুধের মেয়াদ যাচাই-বাছাই করা হয়। আমার মনে হয়, ভুলবশত শিক্ষার্থীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে।’