চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন কাল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দ্বিতীয় সমাবর্তন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।সমাবর্তন আয়োজক সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) মো. জিল্লুর রহমানের মনোনয়নক্রমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনের উদ্বোধন ও সভাপতিত্ব করবেন। এ ছাড়া এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্য দেবেন।সমাবর্তনে এক হাজার ৭১৮ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হবে। এর মধ্যে নিবন্ধন হওয়া এক হাজার ২৫ জনকে সনদ দেবেন রাষ্ট্রপতির পক্ষে শিক্ষামন্ত্রী। এ ছাড়া নিজ নিজ শিক্ষাবর্ষে প্রথম হওয়ার জন্য চারজন ডিগ্রিধারীকে স্বর্ণপদক দেওয়া হবে। স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, চুয়েটের ৩৪তম ব্যাচের অনিক সাহা, ৩৫তম ব্যাচের সম্পদ ঘোষ, ৩৬তম ব্যাচের যোবায়দা আখতার এবং ৩৭তম ব্যাচের রকি বৈদ্য । বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০০৮ সালের ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল।