চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন, পাঁচজন ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ সোহেল ছুরিকাঘাতে নিহতের ঘটনার গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন। এরা হলেন আশরাফুল ইসলাম, তামিম উল আলম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জেরে ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাতে খুন হন নাসিম আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্ররাজনীতিতে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। নাসিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা নগরের প্রবর্তক মোড়, গোলপাহাড় মোড় ও ২ নম্বর গেট, ওয়াসা মোড়, জিইসিসহ নগরের বিভিন্ন স্থানে ওই দিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ সময় প্রায় অর্ধশতাধিক যানবাহনও ভাঙচুর করা হয়। সন্ধ্যায় সিটি মেয়র অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে বিক্ষুব্ধ কর্মীরা তা তুলে নেয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে জানান, নাসিম হত্যা মামলায় তার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু তাহের বাদী হয়ে নগরের চকবাজার থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের মামলা উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন আশরাফুল ইসলাম, তামিম উল আলম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল হায়দার চৌধুরী, এস এম গোলাম মোস্তফা, সোহান, জয়নাল, সাইদ, উজ্জ্বল, আবিদ, তারেক, সায়েম ও সাইফুল।
এদের মধ্যে পাঁচ আসামি আশরাফ, তামিম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল ও গোলাম মোস্তফাকে ঘটনার দিনদুপুরে ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বাদী এজাহারে উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জেরে তার ছেলে নাসিমকে ছুরিকাঘাত করে খুন করে আসামিরা। অন্যরা কিলঘুষি মারলেও ছুরিকাঘাত করেন আসামি সোহান।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনের দশ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।