চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সাধারণ সম্পাদক শুকলাল
চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে কলিম সরওয়ার সভাপতি ও শুকলাল দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার প্রেসক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২৩৪ ভোটারের মধ্যে ২২৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১৫ পদে ভোটাররা ভোট দেন। আজ রাতে প্রধান নির্বাচন কমিশনার ওমর কায়সার ফল ঘোষণা করেন।
সভাপতি পদে পূর্বকোণ-এর কলিম সরওয়ার ১০৯ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার আলী আব্বাস পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আজাদীর শুকলাল দাশ ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইত্তেফাক-এর সালাহউদ্দিন মো. রেজা পেয়েছেন ৫৮ ভোট।
জ্যেষ্ঠ সহসভাপতি পদে কাজী আবুল মনসুর, সহসভাপতি পদে মঞ্জুর কাদের মঞ্জু, যুগ্ম সম্পাদক পদে চৌধুরী ফরিদ, কোষাধ্যক্ষ পদে দেবদুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক পদে শহিদুল্লাহ শাহরিয়ার, গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক পদে নজরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক পদে রোকসারুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মিন্টু চৌধুরী নির্বাচিত হয়েছেন।
চারটি কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম শামসুল ইসলাম, মোয়াজ্জেমুল হক, হেলাল উদ্দিন চৌধুরী ও শহীদ উল আলম।