চট্টগ্রাম, বগুড়া ও দিনাজপুরে কাল হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার চট্টগ্রাম, দিনাজপুর; সিলেট জেলার তিন উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বগুড়ায় ডাকা হয়েছে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতাল। দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার, কর্মী নিহত ও মিছিলে হামলার প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে।

এ ছাড়া র‌্যাব আটক করার পর নিখোঁজ কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও পৌর  বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল থেকে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় লাগাতার হরতাল ডাকা হয়েছে।

চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে গতকাল শুক্রবার বাদ জুমা গায়েবানা জানাজা থেকে হরতালের ঘোষণা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে হরতাল দেওয়া হয়েছে।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী গতকাল সংবাদ সম্মেলন করে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, অবরোধের দ্বিতীয় দিন সরকারি কলেজ মোড়ে ১৮ দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ছত্রচ্ছায়ায় হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এতে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান গুরুতর আহত হন। ওই হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশেও হামলা চালায় আওয়ামী লীগ। এতে ১৮ দলের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এর প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা, যুবদলের নেতা ইউসুফ আলীকে গুলি করে হত্যা, বগুড়া শহর যুবদলের সভাপতি মাসুদ রানাকে গ্রেপ্তার এবং দলীয় নেতা-কর্মীদের হয়রানির প্রতিবাদে বগুড়ায় ৩৬ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। গতকাল সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। জেলা বিএনপির সভাপতি বলেন, তারেক রহমানকে ভোটার তালিকা থেকে বাদ রেখে বগুড়ায় কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

সিলেটে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএনপির সাবেক সাংসদ ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিম আহত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকার (সিলেট-৪) তিন উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাটে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সামসুদ্দীন জানান, হরতাল সফল করতে আজ শনিবার তিন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল হবে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী মহল্লায় (৫ নম্বর ওয়ার্ড) নতুন পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে নাগরিক কমিটি কাল পৌরসভায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। নাগরিক কমিটির নেতৃত্বে গতকাল পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এই সমাবেশ থেকে রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়। সমাবেশে কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন বলেন, ভবন নির্মাণের ওপর নিষেধাজ্ঞা চেয়ে সিরাজগঞ্জ আদালতে নাগরিক সমাজের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি আদালত নিষেধাজ্ঞার ওপর শুনানির দিন ধার্য করেছেন। কিন্তু শুনানির আগেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা আইনসম্মত হয়নি।

বিএনপির দুই নেতাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে গতকাল বিকেলে লাকসাম ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় বিএনপি। সমাবেশে সাবেক সাংসদ আনোয়ারুল আজিম অভিযোগ করেন, গত বুধবার  রাতে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে র‌্যাব তুলে নিয়ে যায়। তাঁদের শনিবার সকাল ১০টার মধ্যে ফিরিয়ে না দিলে রোববার থেকে লাকসাম ও মনোহরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য হরতাল চলবে।

ওই রাতে র‌্যাব লাকসামে সাইফুলের ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাংক কর্মকর্তাসহ আরও ১০ জনকে আটক করে। এই ১০ জনকে পরে লাকসাম থানায় হস্তান্তর করা হয়। সাইফুল ইসলাম ও হুমায়ুন কবিরকে আটকের কথা র‌্যাব ও পুলিশের কেউ স্বীকার করছেন না। জানতে চাইলে কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, বিএনপির দুই নেতাকে আটকের ব্যাপারে তিনি কিছু জানেন না। আর, র‌্যাব-১১-এর কুমিল্লার অধিনায়ক মো. শাহেদ হাসান বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।

 [প্রতিবেদন তৈরিতে তথ্য সরবরাহ করেছেন আমাদের চট্টগ্রাম, কুমিল্লা, সিরাজগঞ্জ ও সিলেটের নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর অফিস, বগুড়া, ও গোয়াইনঘাট প্রতিনিধি।]