চট্টগ্রাম, বগুড়া সিলেট ও বরিশালে কাল থেকে হরতাল
চট্টগ্রাম ও বগুড়ায় কাল শনিবার থেকে ৪৮ ঘণ্টা, সিলেটে ৩৬ ঘণ্টা ও বরিশালে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদ এবং একতরফা নির্বাচন বাতিলের দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। একই দাবিতে বগুড়া ও নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার হরতাল পালন করে বিএনপি।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও সিলেট, বরিশাল অফিস এবং নোয়াখালী ও চাঁদপুর প্রতিনিধির পাঠানো খবর:
চট্টগ্রামে শনিবার থেকে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে নগর বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলায় হরতালের আওতায় থাকবে।
টানা দুই দিন হরতাল পালনের পর বগুড়ায় কাল শনিবার সকাল ছয়টা থেকে ফের ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন জেলা ১৮-দলীয় জোট। গতকাল বিকেলে ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে এ ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম।
সিলেটে শনিবার থেকে ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ১৮ দল। গতকাল সকালে সিলেটের নতুন রেলস্টেশনে এক সমাবেশে নগর বিএনপির সভাপতি ও জোটের নগর কমিটির আহ্বায়ক এম এ হক এ কর্মসূচি ঘোষণা করেন।
বরিশালে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গতকাল সন্ধ্যায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। তবে জেলা বিএনপির সহসভাপতি বিলকিস জাহান প্রথম আলোকে বলেন, বরিশালে হরতাল ডাকার কোনো তথ্য তাঁদের জানা নেই।
হরতালে বগুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ: বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া বাজারে পিকেটিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়। এতে আওয়ামী লীগ-সমর্থিত দুই ইউপি সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৫টি গুলি ছোড়ে।
বিএনপির নেতা-কর্মীরা বালুয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। তাঁরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের কয়েকটি দোকানও ভাঙচুর করেন। পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুরে যুবদলের কর্মী ফারুক পাটওয়ারীকে হত্যার প্রতিবাদে গতকাল অর্ধদিবস হরতাল করে ১৮-দলীয় জোট। হরতালে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বুধবার সন্ধ্যায় জেলার মহামায়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যের গুলিতে মারা যান ফারুক পাটওয়ারী।