চট্টগ্রাম বদলাতে চান নাছির
চট্টগ্রাম সিটি করপোরেশনের অবহেলিত এলাকাগুলোর উন্নয়ন করে শহর বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেছেন, ৪১টি ওয়ার্ডের মধ্যে বেশির ভাগই অনুন্নত ও অবহেলিত। এগুলো নামেই শহর, কাজে নয়।
গতকাল শুক্রবার ৩৭ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের মনিরনগর এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন নাছির। তিনি তাঁর নির্বাচনী প্রতীক ‘হাতি’ মার্কায় ভোট চেয়েছেন।
কখনো হেঁটে, কখনো গাড়িতে চড়ে, আবার কখনো ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চান নাছির। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল, নজিবুল বশর মাইজভান্ডারীসহ স্থানীয় নেতা-কর্মীরা।
নাছির বলেন, কয়েক দিন ধরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে তিনি লোকজনের কাছে একটাই সমস্যা শুনতে পেয়েছেন, জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে অবর্ণনীয় দুঃখ-কষ্টে মানুষের দিন কাটছে। তিনি নির্বাচিত হলে জলাবদ্ধতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তাই নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর সহায়তায় তিনি দ্রুত জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পদক্ষেপ নেবেন।
এর আগে সকালে কোতোয়ালি মোমিন রোড এলাকায় প্রয়াত বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর বাসভবনে গিয়ে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাছির। সেখান থেকে যান হালিশহর এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজের কবর জিয়ারত করতে।
হালিশহরে গণসংযোগ শেষে চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন নাছির। নামাজ শেষে কালুরঘাট বিসিক শিল্পনগর এলাকায় গণসংযোগ করেন। বেলা তিনটার দিকে গণসংযোগ করেন সল্টগোলা এলাকায়। সেখান থেকে যান মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর, উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে। প্রতিটি স্থানে তিনি ভোট চান।