চট্টগ্রাম বন্দর অচল করার পরিকল্পনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এ মুহূর্তে ছোট আকারের কর্মসূচি পালনের মধ্য দিয়ে কর্মীদের মনোবল চাঙা করতে চাইছে স্থানীয় বিএনপি। এর পরপরই বড় কর্মসূচির দিকে এগোতে আগ্রহী দলটি। এরই অংশ হিসেবে নগরের লালদীঘি ময়দানে টানা তিন দিন সমাবেশ করার পাশাপাশি চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ারও পরিকল্পনা আছে তাদের।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগও বসে থাকছে না। তারা পাল্টা কর্মসূচি দিয়ে বিএনপির ওই সব কর্মসূচি প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে। দলগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সূত্রে জানা গেছে, যুবদল ও ছাত্রদলের আয়োজনে আজ মঙ্গলবার নগরের কাজীর দেউড়ি বা দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ হওয়ার কথা আছে। দুই দিন পর থেকে লালদীঘি ময়দানে টানা তিন দিন সমাবেশ করার অনুমতি এরই মধ্যে চেয়েছে বিএনপি। কিন্তু পুলিশ এখনো অনুমতি দেয়নি।
বিএনপির সূত্র জানায়, কর্মসূচি পালনে বাধা এলে হরতাল ও অবরোধ কর্মসূচির আওতায় চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এতে আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহনে বাধার সৃষ্টি হবে। ফলে সরকারের ওপর অর্থনৈতিক চাপ পড়বে। চট্টগ্রাম বন্দরের শ্রমিক রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান ও নগর আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রভাব রয়েছে। বিগত জোট সরকারের বিদায়ের সময় মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দর অচল করে চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। এবার বিএনপিও সেই পথে এগোচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সূত্রও নিশ্চিত করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেত্রী বল সরকারের কোর্টে পাঠিয়ে দিয়েছেন। দাবি মানা না হলে হরতাল ও অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি আসতে পারে। তখন চট্টগ্রাম বন্দরও এ কর্মসূচির মধ্যে পড়তে পারে।’
বিএনপির সূত্রগুলো জানায়, দলটির নজর এখন চট্টগ্রাম বন্দরের দিকেই বেশি। বন্দরকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব হলে সরকারের ওপর চাপ সৃষ্টি হতে পারে। কিন্তু আওয়ামী লীগও বিএনপির কর্মসূচি মোকাবিলায় প্রস্তুত বলে জানা গেছে।
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিএনপি বন্দর অচল করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিলে আমরাও বসে থাকব না। যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় আমরা প্রস্তুত। মাঠে-ময়দানে আমরাও আছি এবং থাকব।’
এদিকে গতকাল সোমবার পর্যন্ত লালদীঘি ময়দান ব্যবহারের অনুমতি স্থানীয় পুলিশ প্রশাসন কাউকে দেয়নি। ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এ মাঠে সমাবেশ করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি। আওয়ামী লীগও ২৫ ও ২৬ অক্টোবর একই জায়গায় সমাবেশ করার অনুমতি চেয়েছে। নগর পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত কোনো দলকে এ মাঠ ব্যবহার করতে দেবে না বলে দায়িত্বশীল দুজন পুলিশ কর্মকর্তা গতকাল ইঙ্গিত দিয়েছেন।