চট্টগ্রাম বন্দর থেকে ৩০০ কোটি টাকা চেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের চিঠি পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে বন্দর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বন্দরের সরকার-সমর্থক সিবিএ চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নেতারা মন্ত্রণালয়কে অর্থ দিলে বন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন।জানা গেছে, সিবিএ নেতারা গতকাল বুধবার সকালে বন্দর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা বলেন, যে দিন মন্ত্রণালয় টাকা নেওয়ার সিদ্ধান্ত নেবে, সেই দিন থেকে বন্দর অচলের কর্মসূচি দেওয়া হবে। সাক্ষাৎকালে সিবিএ সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লাহ সরকার, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। সিবিএ নেতারা বন্দর কর্মচারীদের চাকরিভাতা (পোর্ট ডিউটি অ্যালাউন্স) বাড়ানোসহ আরও কিছু দাবি দ্রুত বাস্তবায়নে চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বন্দরের টাকা এর নিজস্ব উন্নয়ন কর্মকাণ্ড ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করতে দেওয়া হবে না। কোনো সংস্থা জোর করে টাকা নেওয়ার চেষ্টা করলে বন্দর অচল করে সেই চেষ্টা প্রতিহত করা হবে। এসব কথা মন্ত্রণালয়কে জানাতে আমরা বন্দর চেয়ারম্যানকে জানিয়েছি।’বিএনপি-সমর্থিত চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বন্দরকে পঙ্গু করার নানা তৎপরতা শুরু করে। বন্দর থেকে ৩০০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া সেই তৎপরতার অংশ। এ তৎপরতা বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলন শুরু করব।’জানা গেছে, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সকালে বন্দর চেয়ারম্যানের সঙ্গে দেখা করার কথা। এ বৈঠকের পর তারা কর্মসূচি ঘোষণা করতে পারে।কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পে ব্যয়ের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় বন্দর থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার প্রস্তাব দিয়ে গত জানুয়ারিতে প্রথম চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে আগামী অর্থবছরের বাজেটে গভীর সমুদ্রবন্দর প্রকল্প বাস্তবায়ন খাতে ৩০০ কোটি টাকার বরাদ্দ রাখতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। আপাতত ১০০ কোটি টাকা মন্ত্রণালয়ের তহবিলে জমা দিতে ২১ জুন বন্দর কর্তৃপক্ষকে সর্বশেষ চিঠি দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধ্যাদেশ অনুযায়ী বন্দরের টাকা বন্দরের নিজস্ব উন্নয়ন প্রকল্প ছাড়া অন্য কোনো খাতে ব্যয়ের বিধান নেই। এ ধরনের ব্যয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদন লাগে।