চট্টগ্রাম বন্দর অচলের কর্মসূচি ঐক্য পরিষদের
বিএনপি-সমর্থিত ডক শ্রমিক ঐক্য পরিষদ গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। সেখান থেকে আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম বন্দর অচলের কর্মসূচি ঘোষণা করেছেন ঐক্য পরিষদের নেতারা। ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড চালুর দাবিতে তাঁরা এ কর্মসূচির ডাক দেন। দাবি মানা না হলে লাগাতার বন্দর অচলের কর্মসূচির ডাক দেওয়া হবে বলে নেতারা হুমকি দেন। এর আগে একই দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর-সমর্থিত ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন বন্দরে আন্দোলন কর্মসূচি পালন করে। তবে নৌ-পরিবহনমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠকে বসে তারা কর্মসূচি স্থগিত করে। ফেডারেশনের দাবির মুখে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরি ফিরিয়ে দিতে একটি কমিটি কাজ শুরু করেছে। কমিটিতে ফেডারেশনের নেতা-কর্মীদের রাখা হলেও ঐক্য পরিষদের কাউকে রাখা হয়নি। জানা গেছে, ডক শ্রমিক ঐক্য পরিষদ আওয়ামী লীগ দলীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী-সমর্থিত। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টায় বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ঐক্য পরিষদ। এ সময় সমাবেশে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক আলী আশ্রাফ। কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড চালু করে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।