চট্টগ্রাম বন্দর আংশিক অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর গতকাল সোমবার রাতে আংশিক অচল হয়ে গেছে। ১৬টি মূল জেটির মধ্যে ১২টির কাজ বন্ধ করে দেন শ্রমিকেরা। তাঁরা জেটি থেকে মিছিল নিয়ে বেরিয়ে বন্দরের সামনের রাস্তায় কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। এর আগে গতকাল রাতে র‌্যাব-পুলিশ মোতায়েন করে ছয় জেটির চারটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরুর চেষ্টা করে বেসরকারি বার্থ অপারেটররা। বাকি দুই জেটিতে জাহাজ ভেড়ার সঙ্গে সঙ্গে কাজ শুরুর প্রস্তুতি রাখা হয়েছে। বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় যেভাবে শ্রমিকেরা কাজ করেছেন, সেভাবেই এখন বার্থ অপারেটরের অধীনে শ্রমিকেরা কাজ করতে চাইছেন। কিন্তু আমরা নিজেদের প্রয়োজনমতো শ্রমিক-কর্মচারী নিয়োগ করে কাজ শুরুর চেষ্টা করছি। কারণ, বুকিং পদ্ধতির মাধ্যমে শ্রমিক নিয়োগ করা হলে এ সমস্যা কাটবে না।’বন্দরের ছয়টি জেটিতে ছয় বার্থ অপারেটর প্রতিষ্ঠানের গত শুক্রবার বিকেল থেকে কাজ শুরু করার কথা ছিল। কিন্তু শ্রমিকদের বাধার কারণে ওই ছয় জেটিতে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু করা যায়নি। বন্দর সূত্র জানায়, গতকালও আন্দোলনরত শ্রমিকনেতা ও বার্থ অপারেটর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কর্তৃপক্ষের তিন দফা বৈঠক হয়। বৈঠকে শ্রমিকনেতারা তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয় তুলে ধরেন। কাজ শুরুর পর শ্রমিকদের দাবি মানা হবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দেয়। বিকেলে শেষ বৈঠকে শ্রমিকেরা তাঁদের দাবির ব্যাপারে অনড় অবস্থানে গেলে কর্তৃপক্ষ প্রয়োজনে র‌্যাব-পুলিশের সহায়তা নিয়ে কাজ শুরুর কথা জানান। এরপর শ্রমিকনেতারা নমনীয় হয়ে কাজ শুরুতে সম্মতি জানান। এরপর বন্দরে র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়। পরে রাতে শ্রমিকেরা কাজ করতে জেটিতে গেলেও বার্থ অপারেটররা যায়নি। একপর্যায়ে ওই ছয় জেটিসহ আরও ছয়টি জেটির শ্রমিকেরা কাজ ফেলে মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। তাঁরা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। পরে বন্দর কর্তৃপক্ষ তাঁদের শান্ত করে। পরে বন্দর কর্তৃপক্ষ, শ্রমিক নেতা ও বার্থ অপারেটরের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ বলেন, সাধারণ শ্রমিকেরা কাজে যোগ দিতে সম্মত হয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ সমস্যার সমাধান করতে না পারায় শ্রমিকেরা জেটি থেকে বেরিয়ে যান।জেটিতে র‌্যাব-পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার (ডিসি-পোর্ট) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের কাছে র‌্যাব-পুলিশের সহায়তা চেয়েছে, আমরা তা দিয়েছি। জেটিতে বাড়তি দুই প্লাটুন (প্রায় ৪০ জন) পুলিশ মোতায়েন করা হয়েছে।’বন্দর সূত্রে জানা গেছে, গতকাল সকালে ৯ নম্বর জেটিতে বার্থ অপারেটরদের কর্মীরা কনটেইনার সরবরাহের কাজ শুরু করেন। কিন্তু ডক শ্রমিকেরা দুপুরের দিকে মো. মাইনুদ্দিন ও আলী আজগর নামে বার্থ অপারেটরের দুজন কর্মীকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে কনটেইনার সরবরাহ প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে। আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর বন্দর সদস্য হাদী হোসাইনের নেতৃত্বে বন্দরের তিন সদস্যের প্রতিনিধিদল জেটিতে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানায়। এ সময় প্রায় ২৫০ জন সাধারণ শ্রমিক বন্দরের শ্রমিক হিসেবে চাকরির দাবি জানান। হাদী হোসাইন শ্রমিকদের আশ্বাস দেন, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বার্থ অপারেটরের নিয়োগের চুক্তিতে শ্রমিকদের কল্যাণমূলক সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা আছে—এটা নিশ্চিত করা হবে। শ্রমিকেরা প্রতিনিধিদলকে কাজে যোগ দেওয়ার আশ্বাস দেন।