চট্টগ্রাম বন্দর ও বন্দর-সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। এই কার্যক্রমের অংশ হিসেবে বন্দর সংরক্ষিত এলাকায় নতুন করে আরও ৮০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। বন্দর-সংশ্লিষ্ট যেসব স্থাপনায় এখনো সিসিটিভি নেই সেখানে তিন মাসের মধ্যে সিসিটিভি বসানোর নির্দেশ দেন তিনি।
গতকাল সোমবার বিকেলে বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে বন্দরে নিরাপত্তা উপদেষ্টা কমিটির সভা হয়। সভায় বন্দরের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল আবদুল গাফফার।
সভা শেষে এম খালেদ ইকবাল সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দরে ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি’ (আইএসপিএস) কোড অনুযায়ী আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এরপরও বন্দর ও বন্দর-সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তায় কী ধরনের দুর্বলতা আছে এবং তা কীভাবে কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, শুধু বন্দরের
জেটি এলাকা নয়, সিইউএফএল, পদ্মা, মেঘনা, যমুনা, ড্রাই ডক ও ১৬টি বেসরকারি কনটেইনার ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ, বন্দর-সংশ্লিষ্ট এলাকায় কোনো ঘটনা ঘটলে তা বন্দরের ওপর প্রভাব ফেলে।
সভায় আবদুল গাফফার বলেন, বন্দরের ৩০ শতাংশ এলাকায় ১২৮টি সিসিটিভি দিয়ে তদারক করা হচ্ছে। এখন ১২৫টি ক্যামেরা কাজ
করছে। বন্দরে ছিনতাই, চুরিসহ অন্যান্য ঘটনা আগের চেয়ে কমে এসেছে বলে তথ্য-উপাত্ত তুলে ধরেন তিনি।
বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের প্রতিনিধি, পুলিশ, র্যাব, কোস্টগার্ডসহ উপদেষ্টা কমিটির ২৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন বন্দরের পর্ষদ সদস্য মো. জাফর আলম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ সরওয়ার, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।