চট্টগ্রাম বন্দর এলাকায় ১০০ অবৈধ দোকান উচ্ছেদ
চট্টগ্রাম বন্দর উত্তর আবাসিক এলাকায় গতকাল বুধবার সাড়ে তিন ঘণ্টার অভিযানে ১০০ দোকান ও ক্লাবঘর উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে পুলিশের সঙ্গে অবৈধ দখলদারদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ চারটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দর উত্তর আবাসিক এলাকায় বিভিন্ন সড়কের আশপাশে আধা পাকা ও টিনশেড দোকানঘর গড়ে তোলে অবৈধ দখলদারেরা। দোকানঘরের পাশাপাশি ‘পোর্ট কলোনি শাখা যুবলীগ’, আ জ ম নাছিরের নির্বাচনী কার্যালয় ও সাংসদ লতিফের নাম ব্যবহার করে ব্যানার টানিয়ে ক্লাবঘর বানানো হয়। এসব দোকান ও ক্লাবঘরে বন্দরের বিদ্যুৎ-সুবিধাও ব্যবহার করা হতো।
গতকাল বুধবার বেলা ১১টায় বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেমের নেতৃত্বে সকাল থেকে ওই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেন বন্দরের উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান। প্রায় সাড়ে তিন ঘণ্টার উচ্ছেদ অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত ফিরে আসার সময় পুলিশের সঙ্গে অবৈধ দখলদার এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। এর জের ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।