চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একমাত্র বালু উত্তোলনকারী বিশেষায়িত জাহাজ (ড্রেজার) এমডি খনক ১৫ মাসেও মেরামত করা হয়নি। এর অভাবে বন্দর চ্যানেলে নিয়মিত খননকাজ হচ্ছে না। ফলে পলি জমে বন্দর চ্যানেলের নাব্যতা কমছে। চ্যানেলে পানির গভীরতা নির্দিষ্ট মাত্রার নিচে এলে বন্দরে বেশি পণ্যবাহী জাহাজ ঢোকার সুযোগ সীমিত হয়ে পড়ে। এতে পণ্যের আমদানি-রপ্তানি খরচ বেড়ে যায়।জানা যায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এমডি খনক মেরামতের জন্য কর্তৃপক্ষ প্রায় ৭০ কোটি টাকা ব্যয় ধরে। এরই মধ্যে প্রায় ১১ কোটি টাকা খরচ হয়েছে। জাহাজ উত্তোলনে তিন কোটি এবং ছোটখাটো মেরামতের জন্য ড্রাইডক কর্তৃপক্ষকে আট কোটি টাকা দেওয়া হয়েছে। জাহাজটি সম্পূর্ণ সারিয়ে তুলতে জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান মেসার্স ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের সঙ্গে ৪৯ কোটি টাকার চুক্তি হয়। পরে অবশ্য সংস্থাটি আরও ৭৯ লাখ টাকা বাড়তি ব্যয় দাবি করে। বন্দর সূত্র জানায়, খনককে এপ্রিলের মধ্যে সম্পূর্ণ মেরামত করে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। তবে ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, জাহাজের ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি এবং সংযোজন করতে জুন পর্যন্ত সময় লাগতে পারে।বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের জরিপে দেখা গেছে, জোয়ার-ভাটার প্রভাব ছাড়া চ্যানেলের প্রবেশমুখে পানির গভীরতা থাকে পাঁচ-সাত মিটার। খনক বিকল থাকায় কোনো কোনো জায়গায় এখন পানির গভীরতা চার দশমিক সাত মিটারে নেমেছে। নদীর নাব্যতা ঠিক রাখতে বন্দর কর্তৃপক্ষ সাতটি বেসরকারি প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমতি দেয়। তবে তারা নিজেদের প্রয়োজন ছাড়া বালু তোলে না।এরশাদের আমলে প্রায় ১৩৪ কোটি টাকায় কেনা খনক ২০০৯ সালের ২১ অক্টোবর দুর্ঘটনায় পড়ে। এমভি সি ইউটোপিয়া নামের একটি বিদেশি জাহাজ জেটিতে ঢোকার পথে বন্দর চ্যানেলে খনকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় খনক বন্দর চ্যানেলে বালু অপসারণের কাজ করছিল। নিয়মানুযায়ী কোনো ড্রেজার বন্দর চ্যানেলে কাজ করলে অন্য জাহাজকে ড্রেজারের অবস্থান বাদ দিয়ে চলতে হয়। কিন্তু সি ইউটোপিয়া সে নিয়ম মানেনি বলে অভিযোগ রয়েছে। এ কারণে ইউটোপিয়া থেকে ১৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে এখন উচ্চ আদালতে মামলা চলছে।অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি: দুর্ঘটনার পর গঠিত বন্দর কর্তৃপক্ষ এবং নৌ-বাণিজ্য অধিদপ্তরের পৃথক তদন্ত কমিটি পরস্পরবিরোধী প্রতিবেদন জমা দেয়। এ কারণে আরেকটি তদন্ত কমিটি করে নৌপরিবহন মন্ত্রণালয়। ওই কমিটি খনক দুর্ঘটনার সময় ছয় কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনে। কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আছে।ওই ছয় কর্মকর্তা হলেন সিনিয়র ড্রেজিং মাস্টার লে. কমান্ডার সানোয়ার হোসেন, ড্রেজিং মাস্টার লে. কমান্ডার (অব.) সফিকুর রহমান চৌধুরী, লে. (অব.) আজাদুল কবির, সাব লে. কে এম জাহাঙ্গীর আলম, অপারেটর খোরশেদ আলম ও আবদুল লতিফ। ছয়জনই নৌবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা। প্রেষণে তাঁরা খনকে কর্মরত ছিলেন।নৌপরিবহন মন্ত্রণালয়ের নথিতে দেখা গেছে, কমিটির সুপারিশ অনুযায়ী গত বছরের ১৩ মের মধ্যে দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। নির্দেশনা বাস্তবায়ন না করায় গত ২৮ ডিসেম্বর আরেকটি চিঠি দেয় মন্ত্রণালয়। ওই চিঠিতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এতেও কোনো কাজ হয়নি।জানা গেছে, মন্ত্রণালয়ের তাগাদাপত্রের পর বন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনজীবী ইমরানুল কবিরের কাছে মতামত চায়। পরে আইনজীবীর মতামতের সংযুক্তি দিয়ে কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে জবাব পাঠায়। জানতে চাইলে বন্দর চেয়ারম্যান আর ইউ আহমেদ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।