নৌবাহিনীর দুটি সাবমেরিনের (ডুবো যুদ্ধজাহাজ) কমিশনিং উপলক্ষে গতকাল রোববার সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ছিল। বন্দরের নৌবিভাগ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকার বিষয়টি আগেই শিপিং এজেন্টদের জানিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল দুপুরে চট্টগ্রামের বিএনএস ঈসা খাঁ নৌ জেটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাবমেরিন দুটির কমিশনিং করেন। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের জেটির পরই কর্ণফুলী নদীর ভাটির দিকে নৌবাহিনীর জেটির অবস্থান। বহির্নোঙর থেকে বন্দরে জাহাজ আনা-নেওয়া হয় কর্ণফুলী নদীর বন্দর চ্যানেল দিয়ে।
শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশের স্বার্থে ওই সময় জাহাজ চলাচল বন্ধ রাখা যৌক্তিক ছিল।
বন্দরের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, গতকাল দিনের বেলায় ১১ ঘণ্টা জাহাজ চলাচল বন্ধ থাকলেও বন্দরের স্বাভাবিক কার্যক্রমে তা তেমন প্রভাব ফেলবে না।
বন্দরের তথ্য অনুযায়ী, বন্দর জেটিতে ভেড়ানোর জন্য গতকাল বহির্নোঙরে অপেক্ষমাণ ছিল ১৪টি জাহাজ। দিনের জোয়ারে জাহাজ চলাচল বন্ধ না থাকলে জেটিতে কনটেইনারবাহী তিনটি জাহাজ ভেড়ানো হতো। এই জাহাজগুলো আজ সোমবার ভেড়ানো হতে পারে বলে শিপিং এজেন্টরা জানান।
এর আগে গত বছরের ২২ ডিসেম্বর ‘এমভি কাং শেং কও’ জাহাজে করে চীন থেকে সাবমেরিন দুটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়। সেখান থেকে সাবমেরিন দুটি নৌবাহিনীর জেটিতে নেওয়া হয়। সাবমেরিন দুটি বহনকারী জাহাজ বন্দর থেকে নৌবাহিনীর জেটিতে নেওয়া ও জাহাজ থেকে সাবমেরিন দুটি পানিতে ভাসানোর সময় গত ২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্দর চ্যানেলে সব ধরনের জাহাজের চলাচল বন্ধ রাখা হয়েছিল।