চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুর্ঘটনায় তদন্ত কমিটি
চট্টগ্রাম বন্দর চ্যানেলে গত শুক্রবার জাহাজ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ধারণ ও দায়ীদের শনাক্ত করতে দুই সদস্যের তদন্ত কমিটি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌ-বাণিজ্য দপ্তর। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
শুক্রবার সকালে বন্দরজেটিতে ভেড়ানোর আগে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী জাহাজ এমভি সামির বন্দর চ্যানেলে খাদ্য বিভাগের একটি জেটিতে আঘাত হানে। এতে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়। পরে এমভি গাজী নামের আরেকটি জাহাজকে ধাক্কা দেয় জাহাজটি। এতে এমভি গাজীর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
নৌ-বাণিজ্য দপ্তরের মুখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, কেন এ দুর্ঘটনা ঘটল এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার, সেসব বিষয়েও সুপারিশ করবে তদন্ত কমিটি।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌ-বাণিজ্য দপ্তরের নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন শেখ জালাল উদ্দিন গাজীকে। কমিটির অপর সদস্য হলেন চট্টগ্রাম বন্দরের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আবু সুফিয়ান।
কমিটির আহ্বায়ক শেখ জালাল উদ্দিন গাজী প্রথম আলোকে বলেন, কমিটির প্রাথমিক কাজ শুরু হয়েছে। পাঁচ কর্মদিবসে প্রতিবেদন দেওয়া হবে।
বন্দর সূত্র জানায়, দুর্ঘটনার কারণে শুক্রবার কনটেইনারবাহী তিনটি জাহাজ এবং সাধারণ পণ্যবাহী একটি জাহাজ বন্দরে ভেড়ানো যায়নি। একইভাবে রপ্তানি পণ্য নিয়ে একটি জাহাজ বন্দর ছেড়ে যেতে পারেনি।