চট্টগ্রাম বন্দর জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে বৈঠক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর ও আশপাশের সমুদ্র এলাকার জলসীমার নিরাপত্তা জোরদার করতে বন্দর, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। বিশেষ করে, সামুদ্রিক পথে ইয়াবা পাচার বন্ধে কোস্টগার্ড আগামী মাসে ব্যাপকভিত্তিক অভিযান শুরু করবে বলে জানানো হয়। বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময়ে এসব কথা বলা হয়। বৈঠকে চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী চ্যানেল, বহির্নোঙর ও সংলগ্ন জলসীমা ব্যবহারকারী প্রতিষ্ঠান এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন কোস্টগার্ড পূর্বাঞ্চলের কমান্ডার শেখ মোহাম্মদ জাভেদ ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কোস্টগার্ড সদর দপ্তরের পরিচালক (পরিচালন) এম আবিদুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম আনওয়ারুল ইসলাম, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম নওশের আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শামসুল আলম চৌধুরী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক কাজী সারওয়ার হোসেন। সভায় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলেন, চ্যানেলে বড় জাহাজ প্রবেশ-নির্গমনের মুখে শত শত ছোট লাইটার নোঙর করে থাকে। এতে জাহাজ চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়। এ প্রসঙ্গে লাইটার জাহাজ মালিক সমিতির সভাপতি শফিক আহমদ বলেন, ‘বন্দর যদি আমাদের জাহাজ বাঁধার জন্য জায়গা নির্দিষ্ট করে দেয়, তাহলে আমরা ১৫ নম্বর এলাকা থেকে অনেক জাহাজ সরিয়ে নিতে পারব।’ বন্দর চেয়ারম্যান বন্দর জেটির উজানে লাইটার জাহাজ বাঁধার জন্য নতুন অন্তত ৪০টি মুরিং-বয়া স্থাপন করা হবে বলে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।