চট্টগ্রাম বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার উধাও
চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যভর্তি একটি কনটেইনার খুঁজে পাওয়া যাচ্ছে না। ঢাকার আমদানিকারক এ বি ফেব্রিক্স কোরিয়া থেকে এক কনটেইনার ফেব্রিক্স আমদানি করে, যার দাম প্রায় ৫০ লাখ টাকা।কনটেইনার উধাওয়ের ঘটনায় গত মঙ্গলবার বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা বিভাগের উপ-পরিচালক লে. কমান্ডার আকরাম হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করেছে। আমদানিকারকের প্রতিনিধি সিএন্ডএফ এজেন্ট রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি এ পণ্যের কায়িক পরীক্ষা হয়। অথচ শুল্ক-কর পরিশোধ শেষে গত সোমবার কনটেইনার সরবরাহ নিতে গেলে কনটেইনারের হদিস পাইনি। কনটেইনারটি কোথায় আছে—গতকাল পর্যন্ত তা বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি।’ বন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কনটেইনারটির খোঁজে বন্দরের প্রতিটি ইয়ার্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। বুধবার (আজ) নিশ্চিত হওয়া যাবে।গতকাল মঙ্গলবার বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পড়েছিল প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে ১৪ হাজার ৮১টি কনটেইনার। এর আগে গত ৫ জানুয়ারি পণ্যভর্তি একটি কনটেইনার উধাও হয়ে যায় বন্দর থেকে। সর্বশেষ ২০০১ সালে এভাবে বন্দরের সংরক্ষিত এলাকা থেকে পণ্যভর্তি কনটেইনার উধাওয়ের ঘটনা ঘটেছিল।